২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্যে শিক্ষকদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ শুক্রবার দল ও মতের উর্ধ্বে উঠে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালন করার জন্যে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি বলেন, শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশায় নিযুক্ত। তাদের উচিত ছাত্র-ছাত্রীদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে তাদের দক্ষতা, জ্ঞান ও প্রজ্ঞার সাক্ষর রাখতে পারে।

ঢাকা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বার্ষিক সাধারণ সভা এবং ২২তম ও ২৪তম বিসিএস এর নবাগত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে।

আইনমন্ত্রী বলেন, গত চার বছরে সরকার প্রমাণ করেছে নকল করে নয়, মেধার ভিত্তিতে পরীক্ষায় পাস করতে হয়। চার বছরে শিক্ষা ব্যবস্থা অন্ধকার থেকে আলোর মুখ দেখতে পেরেছে। বর্তমানে নকলের মানসিকতা নির্মূল হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে কৃষি প্রতিমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।

কৃষি প্রতিমন্ত্রী বলেন বিশ্বায়নের যুগে বাংলাদেশকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞানের উৎকর্ষ ঘটাতে হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে বলেন, গ্রাম ও শহরে শিক্ষার বৈষম্য ঘুচাতে শিক্ষকদেরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সমিতির বার্ষিক সভার উদ্বোধন অধিবেশনে সমিতির পক্ষে ২১টি দাবিনামা উত্থাপন করা হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মো: খলিলুর রহমান, সরকারি সম্পত্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল আলীম, সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ এবং সমিতির মহাসচিব অধ্যাপক মোহাম্মদ এ রউফ।