শেখ হাসিনা ফিরলেই হানিফের বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক আলোচনা, পেছনে ফেরার সুযোগ নেই-বললেন হানিফ
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মহানগর সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ হানিফের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে করণীয় নির্ধারণ করতে দলের কার্যনির্বাহী সংসদ (ওয়ার্কিং কমিটি) খুব শিগগিরই বৈঠকে বসবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ হানিফের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, দলীয় প্রধান ভারত সফর শেষে দেশে ফিরলেই ওয়ার্কিং কমিটির সভা আহ্বান করা হবে। ওই সভায় অন্যান্য আলোচ্যসূচির মধ্যে এ বিষয়টিও থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম মোহাম্মদ হানিফেরও দেওয়া বক্তব্যকে ‘তার ব্যক্তিগত মতামত’ বলে উল্লেখ করেন।
অন্যদিকে মোহাম্মদ হানিফ শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজকে জানান, ওয়ার্কিং কমিটি সভায় তিনি তার বক্তব্য তুলে ধরবেন।
এক প্রশ্নের জবাবে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, আমার অবস্থান থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এতে দল তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে।
আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ হানিফ সাক্ষাতকারে দলের ঘোষণাপত্রে ‘ধর্ম নিরপেক্ষতা’র স্থলে ‘ধর্ম কর্মের স্বাধীনতা’র প্রস্তাব আনেন। এছাড়া, বিডিনিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘কোরান ও সুন্নাহ্র ভিত্তিতে কেউ রাষ্ট্র ব্যবস্থা চাইলে বিরোধিতা করতে পারিনা’। মোহাম্মদ হানিফের এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে।
