২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

রাশেদ চৌধুরী,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

শেখ হাসিনা বুধবার দিল্লিতে পৌঁছেন এবং সেদিনই সন্ধ্যায় জয়পুরে আজমীর শরীফের পথে রওনা হন। তিনি বৃহস্পতিবার সকালে আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি (র.)’র মাজারে ফাতেহা পাঠ করেন এবং বিকেলে সেখান থেকে ফিরে আসেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা জানান, তিনি দেশের শান্তি ও অগ্র্রগতির জন্যে দোয়া করেছেন।

সূত্র জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শুক্রবার ভারতের বিরোধী দলীয় নেতা এলকে আদভানির সঙ্গে বৈঠকের পর দুপুর সাড়ে ১২টায় ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া ওইদিন সন্ধ্যায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জী এবং পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিংয়ের সঙ্গে দেখা করবেন তিনি।

নটবর সিংয়ের সাথে সাক্ষাতের পর দুই নেতা এক নৈশভোজেও যোগ দেবেন বলে সূত্র জানিয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের কথা রয়েছে।

পাঁচদিনব্যাপী ভারত সফরে শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরুল্লাহ এমপি, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং সোহেল তাজ এমপি।

শেখ হাসিনা কলকাতা হয়ে ২ অক্টোবর ঢাকা ফিরবেন।