বিমানে ট্রেড ইউনিয়ন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে সংসদীয় স্থায়ী কমিটির আহ্বান
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা বিমানের সিবিএ কার্যক্রম নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন।
তারা আরও জানান, বর্তমানে বিমানে ১০ টি ইউনিয়ন রয়েছে। অথচ থাকার কথা তিনটি।
বৃহস্পতিবার কমিটির সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সদস্যরা এ কথা বলেন। কমিটির সদস্য কর্নেল (অব:) ফারুক খান জানান, বিমানের পক্ষ থেকে পাইলটদের ধর্মঘটের কারণে হাজার হাজার যাত্রীর দুর্ভোগের ব্যাপারে কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিমান কর্তৃপক্ষ জানায়, আগামী অর্থ বছরে বিমান প্রায় ৪৫০ কোটি টাকা লোকসান দেবে। ২০০৪-০৫ অর্থ বছরে বিমান ২৯৮ কোটি ৬৬ লাখ টাকা লোকসান দিয়েছে। তারা আরও জানান, আগামী নভেম্বরের মধ্যে বিমানের টিকেটিং ব্যবস্থাকে কম্পিউটারইজড করা হবে। বিমানের সকল কাউন্টারে কম্পিউটারইজড পদ্ধতির মাধ্যমে টিকেট বিক্রি হবে।
কমিটির সদস্য রেজাউল বারি ডিনা, সালাহউদ্দিন আহমদ, রুস্তম আলী ফরাজি এবং আলমগীর মো: মাহফুজউল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।
