২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয়ের উৎস প্রকাশের মধ্য দিয়েই দুর্নীতি রোধ হতে পারে : জুডিথ চামাস

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাস বলেছেন, রাজনৈতিক দল এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের উৎস প্রকাশ করার ব্যাপারটি নিশ্চিত করা গেলে তা হবে দুর্নীতির বিরুদ্ধে সফলতার একটি ধাপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বৃহস্পতিবার বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বিশ্বের সর্বত্রই দুর্নীতি রয়েছে। কোনও দেশই দাবি করতে পারে না যে, তাদের দেশে দুর্নীতি নেই। তবে দুর্নীতি রোধে সংশি¬ষ্ট রাষ্ট্র কার্যকর কোনও উদ্যোগ নিচ্ছে কি না বা কি করছে, সেটিই মুখ্য বিষয়।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের নেতৃত্বের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এ মতবিনিময় সভার আয়োজন করে। বিসিআই মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি একে আজাদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কিন দূতাবাসের চিফ ইকনোমিক অ্যান্ড কমার্সিয়াল অফিসার ডেভিড রেনজ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইব্রাহিম খালেদ, শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন, এফবিসিসিআই সদস্য মঞ্জুর আহমেদ, বিসিআই পরিচালক ওবায়দুর রহমান, গণস্বাস্থ্যের প্রধান সমন্বয়ক ড. জাফরউল্লাহ চৌধুরী, সাবেক উপ প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবা নাসরিন প্রমুখ।

মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট (এমসিএ) সম্পর্কে চামাস বলেন, একটি দেশের এমসিএ সক্ষমতা মাপার জন্য ১৬টি বিষয় রয়েছে। এগুলোর মধ্যে কয়েকটিতে বাংলাদেশ উন্নীত হয়েছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুব একটা ভাল করেনি।

তিনি বলেন, মার্কিন সরকার নয়, বরং এ সংক্রান্ত প্রতিটি বিয়য়ে সিদ্ধান্ত নিয়ে থাকে মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন। বাংলাদেশর বিষয়টি বিবেচনা করা হবে বলে আমি আশা করছি।

দুর্নীতির ব্যাপারে মার্কিন দূতাবাসের চিফ ইকনোমিক অ্যান্ড কমার্সিয়াল অফিসার ডেভিড রেনজ বলেন, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। তবে সেটির কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে।

জুডিথ চামাস বলেন, মার্কিন বাজারে বাংলাদেশের হিমায়িত খাদ্য রপ্তানির পরিমান আরও বাড়তে পারে।

তিনি বলেন, মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ খুঁজছে। মার্কিন দু’টি কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সুযোগের অপেক্ষায় আছে। এটি হলে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি দূর হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোটা পরবর্তী সময়ে টেক্সটাইল ও গার্মেন্টস খাতে বাংলাদেশ টিকে থাকার প্রমান দিয়েছে। তেলের মূল্য বৃদ্ধির কারণে অর্থনীতি থমকে গেছে এবং মূল্যস্ফীতি ও বাণিজ্য ঘাটতি বেড়েছে।

চামাস বলেন, তারপরও পরিবর্তিত পরিস্থিতির প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকবে বলে আমার বিশ্বাস।