ইসলামী সন্ত্রাসবাদের হুমকি আসতে পারে পাকিস্তান বা বাংলাদেশ থেকে: মার্কিন বিশেষজ্ঞ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামী সন্ত্রাসী হামলার সম্ভাব্য উৎস হতে পারে রাজনৈতিক বিশৃঙ্খলাময় পাকিস্তান বা অস্থিরতাময় বাংলাদেশের মতো দেশ।
এশিয়াজুড়ে ইসলামী সন্ত্রাসবাদের উত্থান সম্পর্কে একটি মার্কিন কমিটিতে বক্তব্যদানকালে ব্রুকিংস ইনস্টিটিউটের দক্ষিণ এশীয় প্রকল্পের পরিচালক স্টিফেন কোহেন এ কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়াশিংটন ফাইল জানায়, যুক্তরাষ্ট্রের হাউজ আর্মড সার্ভিসেস কমিটির কমিটি অব ডিফেন্স রিভিউ (সিডিআর) থ্রেট প্যানেল এর ২৭ সেপ্টেম্বরের শুনানিতে যে তিন মার্কিন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন, কোহেন তাদেরই একজন।
কোহেন বলেন, পাকিস্তান যদি আধুনিক রাষ্ট্র হিসেবে সুসংহত না থাকতে পারে, তার সেনাবাহিনী যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী ও মৌলবাদী ইসলামী তৎপরতা বৃদ্ধি পায়, তাহলে এটি ইরান, চীন, আফগানিস্তান, ভারতসহ যুক্তরাষ্ট্র ও তার প্রতিবেশী দেশগুলোর জন্যে মারাত্মক হুমকি হিসেবে দেখা দেবে।
পাকিস্তানের বিষয়টি বিস্তারিত আলোচনা করলেও কোহেন বাংলাদেশের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
শুনানিতে সিডিআর থ্রেট প্যানেলের অপর দুই সদস্য ওহিও’র রিপাবলিকান মাইকেল টারনার এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট ইলেন টশার চীনের বিষয়টি উত্থাপন করেছেন।
একটি স্বাধীন ও দ্বিপাক্ষিক প্রতিষ্ঠান হিসেবে সিডিআর মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, এমন সবকিছুকেই চিহ্নিত করে এবং পেন্টাগনের কুয়াড্রেনিয়াল ডিফেন্স রিভিউয়ের সাথে একযোগে কাজ করে।
সিডিআর ২০০৬ সালে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করবে।
কোহেন সতর্কতা জানিয়ে বলেন, বিশ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার পারমাণবিক সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মান অর্জন করবে।
পারস্পরিক বোঝাপড়া জোরদার করার জন্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির ওপর কোহেন গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ইসলামী সন্ত্রাসীরা কেবল যুক্তরাষ্ট্রের জন্যই হুমকি নয়। তারা চীনের স্বার্থের ওপর হামলা চালাতে পারে। আর এ কারণেই সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা ও সহযোগিতা বৃদ্ধি করতে বলেন।
হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়া স্টাডিজ সেন্টারের পরিচালক পিটার ব্রুকস ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ এর দ্য হেনরি এ কিসিঞ্জার চেয়ার কার্ট এম ক্যাম্পবেলও এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন।
তারা বলেন, যে কোনও আন্তঃদেশীয় সম্পর্কের চেয়ে উত্তরপূর্ব ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার বিষয়টিই একবিংশ শতাব্দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখবে।
