শেখ হাসিনা জয়পুর পৌঁছেছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার রাতে দিল্লি হয়ে জয়পুর পৌঁছেছেন।
জয়পুরে রাত কাটিয়ে বৃহস্পতিবার তিনি হযরত খাজা মইন উদ্দিন চিশতি (র.)’র মাজার জিয়ারত করতে আজমির যাবেন।
ওই দিনই দিল্লি ফিরে শুক্র ও শনিবার শেখ হাসিনা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভারতের সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।
শেখ হাসিনা এর আগে বুধবার বিকেলে এয়ার ইণ্ডিয়ার একটি ফ্লাইট যোগে ঢাকা ত্যাগ করেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তানজিম হাসান সোহেল তাজ এমপি তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
