জয়পুরহাট ও কুমিল্লায় ৮ জেএমবি সদস্য গ্রেফতার, নওগাঁয় ১ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
দেশব্যাপী ১৭ আগস্ট ধারাবাহিক বোমা হামলায় জড়িত সন্দেহে জয়পুরহাট এবং কুমিল্লা থেকে বুধবার জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে বোমা হামলার সঙ্গে জড়িত জেএমবি ক্যাডার আব্দুল্লাহ আল মামুন (২২) বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এসে আত্মসমার্পণ করেছে।
এছাড়া নওগাঁয় গ্রেপ্তারকৃত জেএমবি নেতা আবদুল কাইয়ুম ওরফে কায়েস বোমা হামলায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে দন্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জেএমবি’র পাঁচ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
সূত্র জানায়, ভোর রাতে সাদা পোশাকের একদল পুলিশ অভিযান চালিয়ে জয়পুরহাট শহরের স্টেশন রোড থেকে জামালপুর গ্রামের হাফিজুর রহমানের পুত্র মোস্তাক (৩৮) এবং জয়পুরহাট থেকে সদর উপজেলার পলি কাদোয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের পুত্র সেলিম (২৫) গ্রেপ্তার করেছে।
এদিকে কালাই থানা পুলিশ উপজেলার বাখরা গ্রামের সাহাবুদ্দিনের পুত্র খয়বার আলী (৩৫) এবং একই উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র মোস্তফা ওরফে মোস্তা (২৫) কে গ্রেপ্তার করেছে।
এছাড়াও ক্ষেতলাল থানা পুলিশ উত্তর মহেশপুর গ্রাম থেকে মকবুল হোসেনের পুত্র নুরুজ্জামান ফকির (৪২) কে গ্রেপ্তার করেছে।
এ নিয়ে জয়পুরহাটে বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোট ৩৭ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, ডিবি পুলিশ জেলার তিন উপজেলা থেকে তিনজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লায় বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণপাড়া উপজেলার গাউসিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকির হোসেন (২৫), দ্বেবীদ্বার উপজেলার বিরামকান্দির আবদুল করিমের ছেলে মাওলানা আতিকুর রহমান (২৫) ও তিতাস উপজেলার বাতাকান্দির মান্নান বেপারীর ছেলে মাওলানা আজিমউদ্দিন (২৮) কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা বোমা হামলার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
১৭ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জে বোমা হামলার সঙ্গে জড়িত জেএমবি ক্যাডার আব্দুল্লাহ আল মামুন (২২) বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এসে আত্মসমার্পণ করে। পুলিশ সুপার রেজাউল করিম জানিয়েছেন, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরনগর কিচনিদহা গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে আব্দুল্লাহ আল মামুন বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বিকার করেছে। সে ১৯৯৯ সালে এসএসসি পাশ করার পর সুন্দরপুরের হাজি আব্দুস সামাদ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ার সময় জামায়াতুল মুজাহিদীনের সঙ্গে জড়িয়ে পড়ে।
অনুতপ্ত হয়ে আত্মসমার্পণ করেছে বলে আল মামুন পুলিশকে জানায়।
নওগাঁয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকালে কায়েস জানায়, ২০০১ সালে সে জেএমবিতে যোগ দেয়। সে আরও জানায়, গ্রামের মাঠে সে ৩ দিনের জঙ্গী প্রশিক্ষণ নিয়েছে। শীর্ষ জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই তার নেতা। তাদের দুজনকেই সে ভালোভাবে চেনে ও জানে।
কায়েস আরও জানায়, ২০০৪ সালে বাংলা ভাইয়ের নেতৃত্বে রাণীনগর আত্রাই ও বাগমারা চরমপন্থী নিধন অভিযানে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সে নিজেকে জেএমবি’র তৃতীয় সারির নেতা বলে দাবি করে।
গত ১৭ আগস্ট বোমা হামলা সম্পর্কে কায়েস জানায়, হামলার এক দিন আগে শহরের কাঙ্গাবাড়িয়ায় একটি বাসা ভাড়া নিয়ে ওই বাসায় পাঁচ জঙ্গীসহ তারা অবস্থান নেয়। ১৬ আগস্ট সন্ধ্যায় হুসাই নামে জেএমবি’র অপর এক নেতা তাদেরকে বোমা বিস্ফোরণের এলাকা দেখিয়ে দেয়।
গত ১৮ সেপ্টেম্বর পুলিশ কায়েসকে গ্রেপ্তার করে।
