হানিফের প্রস্তাব নাকচ করলেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মোহাম্মদ হানিফের দেওয়া বক্তব্যের সরাসরি বিরোধিতা করে বলেছেন, তার দলের ঘোষণাপত্রেই ‘সকল ধর্মের স্বাধীনতার’ কথা স্পষ্টভাবে বলা আছে।
সেখানে ‘ধর্ম নিরপেক্ষতা’র আর কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই।
বুধবার বিকেলে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমান বন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হানিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে দলের ঘোষণাপত্রে ‘ধর্ম নিরপেক্ষতা’র স্থলে ‘ধর্ম কর্মে স্বাধীনতা’ সংযোজনের প্রস্তাব দেন। এ নিয়ে আওয়ামী লীগসহ রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা মোহাম্মদ হানিফের এ প্রস্তাবের বিরোধিতা করলেও এ ব্যাপারে স্পষ্ট করে কেউ মুখ খুলতে রাজি হননি। তবে দলীয় প্রধান বুধবার তা সরাসরি নাকচ করে দিলেন।
