শেখ হাসিনার সঙ্গে কানাডার হাই কমিশনারের বিদায়ী সাক্ষাতে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা
বাংলাদেশে নিযুক্ত কানাডার বিদায়ী হাই কমিশনার ডেভিড স্প্রাউলি বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় তারা নির্বাচন ব্যবস্থাসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বেলা ১২টা থেকে প্রায় আধঘন্টার বৈঠক শেষে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দলের উত্থাপিত প্রস্তাবের যুক্তিগুলো তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে কানাডীয় হাই কমিশনারকে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার সঙ্গে সরকারের দেশ পরিচালনার একটি সম্পর্ক রয়েছে। নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয়, মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তবে সরকারের জবাবদিহিতা থাকে না। নির্বাচনে স্বচ্ছতা না থাকলে সুশাসন নিশ্চিত করা যায় না। তাই দেশে সুশাসন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া জরুরি। আর নির্বাচনে স্বচ্ছতার জন্যেই প্রয়োজন নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার।
কানাডাকে বাংলাদেশের খুব ভালো উন্নয়ন সহযোগী উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, আগামীতেও দু’দেশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক ও সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠক শেষে বিডিনিউজ-এর প্রশ্নের জবাবে কানাডীয় হাই কমিশনার বলেন, এটি ছিলো আমার বিদায়ী সাক্ষাৎ। আমি বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্যে বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়েছি।
এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপিও বৈঠকে উপস্থিত ছিলেন।
