উৎসবমুখর পরিবেশে জন্মদিনের ফুলেল শুভেচ্ছায় শেখ হাসিনা
দলের সর্বস্তরের নেতা কর্মী, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জন্মদিন উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান।
৫৯ তম জন্মদিনে বুধবার তাকে শুভেচ্ছা জানাতে শ’ শ’ মানুষ ভিড় জমিয়েছিলেন ধানমণ্ডির বাসভবন সুধাসদনে। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। হাজির হয়েছিল শিশুরাও।
সকাল ৯ টায় শেখ হাসিনা শিশুদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্যরা দেশাত্মবোধক গান ও জন্মদিনের ছড়া আবৃত্তি করে শোনায়। শেখ হাসিনাও কণ্ঠ মেলান তাদের সঙ্গে।
পরে প্রবীণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী, দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, মোহাম্মদ হানিফ, আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক ও সর্বস্তরের মানুষ শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিন উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ প্রধান বলেন, ঘটা করে আমার জন্মদিন পালন করা হয় না। আমার বাবা, মাসহ সবাইকে হত্যা করা হয়েছে। ছেলে, মেয়ে ও বোনও দেশের বাইরে। তার ওপর দেশের মানুষের আজ চরম দুর্দিন যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, এ দুর্দিনে মানুষের ভালোবাসায় আমি সব দুঃখ কষ্ট ভুলে আছি। এ দিনে আমি সবার কাছে দোয়া চাই। আমি তো সবই হারিয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে আমি জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
তিনি বলেন, দেশের অবস্থা ভালো নয়। দ্রব্যমূল্যের চরম উর্ধগতি, জোট সরকারের দুর্নীতি, সন্ত্রাস ও অত্যাচারে মানুষ আজ অতিষ্ঠ। ক্ষুধার জ্বালায় জ্বলছে দেশের জনগণ। এ পরিস্থিতি উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা পরে বনানী গোরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও ফাতেহা পাঠ করেন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটে। তারা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে মিছিল করে।
