২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে পুনর্বাসিত করে দেশকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বর্গরাজ্যে পরিণত করেছে-শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকার মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে মদদ দিয়ে ও পুনর্বাসিত করে দেশকে উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র মৌলবাদী গোষ্ঠীর স্বর্গরাজ্যে পরিণত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি বলেন, মানুষের হৃদয় থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের গৌরবোজ্জ্বল ভূমিকাকে মুছে ফেলতে তারা ইচ্ছাকৃতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে।

মঙ্গলবার সুধাসদনে ‘বাংলার প্রাণ বঙ্গবন্ধু’ শিরোনামের একটি সিডি’র (কম্প্যাক্ট ডিস্ক) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্মের ওপর এ সিডিটি তৈরি করেছে। আসাফো সভাপতি ড. হোসেন মনসুর সিডি’র সার সংক্ষেপ শেখ হাসিনার সামনে তুলে ধরেন।

আওয়ামী লীগ সভানেত্রী জোট সরকার কর্তৃক সন্ত্রাসী ও মৌলবাদীদের মদদ দান এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিসহ দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে বলেন, এরা দেশের অগ্রগতি ও উন্নয়ন চায় না। কারণ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না। শেখ হাসিনা বলেন, দেশ ও জাতির শত্রুদের মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ক্ষমতাসীন জোট সরকার ক্ষমতাকে নিষ্কণ্টক করতে বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন ও নেতা কর্মীদের হত্যা করছে। আওয়ামী লীগকে ধ্বংস করতে তারা দেশের ৫০ টি স্থানে আমাদের জনপ্রিয় নেতাদের হত্যার নতুন পরিকল্পনা করেছে।

সরকারের ‘ভোট কারচুপি ও হত্যা, সন্ত্রাস, অত্যাচার নির্যাতনের’ বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।