২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারদের জন্যে পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট দিতে ব্যারিস্টার নাজমুল হুদার প্রস্তাব

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে ভোটারদের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছেন। ‘নির্বাচন প্রক্রিয়া ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মঙ্গলবার তিনি এ সুপারিশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এদিকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন।

দৈনিক সংবাদ এবং বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে এ বৈঠক আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।

আলোচনায় আরও অংশ নেন সাবেক মন্ত্রী আসম আব্দুর রব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন এবং এএসএম শাহজাহান, বিশিষ্ট সাংবাদিক এবিএম মুসা, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, বামাসপের ফাদার আর ডব্লিউ টিম, ফেমার মুনিরা খান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, জিল্লুর রহমান এবং ড. বদিউল আলম মজুমদার।

ব্যারিস্টার নাজমুল হুদা বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে বলেন, নির্বাচিত সরকারকে নির্ধারিত মেয়াদ পর্যন্ত কাজ করতে দেওয়া উচিত। মেয়াদ শেষে জনগণই তাদের কাজের মূল্যায়ন করবে। এক্ষেত্রে বিরোধী দলের আন্দোলন ও নির্বাচনী আবহ সৃষ্টির চেষ্টা অসুস্থ রাজনীতির পরিচায়ক।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের কোনও সুযোগ সংসদীয় গণতন্ত্রে নেই। কারণ এ ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে প্রতিদ্বন্দিতা হবে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে এবং কারচুপি বন্ধ করতে নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন করতে হবে। ভোটারদের জন্যে পাসপোর্টের ব্যবস্থা করা যেতে পারে। এতে নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষর থাকবে। এরপরও কোনও কারচুপি হলে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যাবে।

তিনি নির্বাচনী ভোটার তালিকা প্রণয়নে স্বচ্ছতার জন্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের প্রধান করে কমিটি গঠনের প্রস্তাব করে বলেন, ওই সব সদস্যের নির্বাচনী প্রতিপক্ষকেও সদস্য হিসেবে কমিটিতে সম্পৃক্ত করা যাবে। এতে ভোটার তালিকা প্রণয়নে কোনও অস্বচ্ছতা থাকবে না।

ব্যারিস্টার নাজমুল হুদা নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সবাই কোনও না কোনও দলের সমর্থক। তাই নিরপেক্ষ ব্যক্তি পাওয়া কঠিন। নিরপেক্ষ নয়, এমন কোনও ব্যক্তিকে দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ তাই অসম্ভব। এবং এর প্রয়োজনও নেই।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুশাসনের জন্যে জনগণ পাঁচ বছর মেয়াদে সরকারকে নির্বাচিত করে। তবে এ সময়ে সরকারের কাজের জন্যে জনগণ সমালোচনাও করতে পারে। জনগণ সমর্থন প্রত্যাহারও করে নিতে পারে। এটিই গণতন্ত্রের বিধান। সংসদীয় পদ্ধতির সরকার হলো ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ সরকার।

তিনি নির্বাচন কর্মকর্তা হিসেবে ১৫০ জন ছাত্রদল নেতা এবং ৩০০ সাব-ইন্সপেক্টর পদে দলীয় লোকদের নিয়োগের সমালোচনা করে বলেন, প্রশাসনে দলীয় লোকদের নিয়োগ এবং দলীয় বিবেচনায় অযৌক্তিকভাবে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে। প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে বলে কমিশন কোনও ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বাধীন করতে হবে। বিরোধী দলের সংস্কার প্রস্তাব না মানা হলে নির্বাচন করা যাবে না।

তিনি এ জন্যে সরকারকে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের আহ্বান জানান।

আসম আব্দুর রব বলেন, ৩৪ বছর দেশ গণতান্ত্রিকভাবে চলেনি। দলগুলো দেশ চালিয়েছে। যেসব দল দেশ চালিয়েছে, তাদের মধ্যেই গণতন্ত্র নেই। তারা গণতান্ত্রিকভাবে দেশ চালাবে কী করে?

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর দপ্তরের নিয়ন্ত্রণে থাকে। তাই তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। তারা সব সময় সরকারের পক্ষে থাকে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে কমিশনকে স্বাধীন করতে হবে।

সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান বলেন, নির্বাচনী আইনে কমিশনের ক্ষমতা আছে। কিন্তু এর কোনও বাস্তবায়ন নেই।

অন্য আলোচকরা নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ ব্যক্তিদের মনোনয়ন ও নিবন্ধণ এবং নির্বাচন শেষে প্রতিবেদন প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করেন। তারা নির্বাচনী আইন যথাযথভাবে মানতে সুপ্রিম কোর্টের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ওপরও জোর দেন।