২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, মহিউদ্দিন গৃহবন্দি

মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতিকে সোমবার সকালে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌরসভা চেয়ারম্যান আহত হয়েছেন।

ফারহানা

মির্জা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 10:07 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

হত্যাকান্ডের প্রায় সাড়ে দশ ঘন্টা পর নিহতের আরেক চাচা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া পুলিশ আরও ১৪ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মধ্য কোটগাঁও এলাকার বালিকা বিদ্যালয়ের সামনে তাসমিরুজ্জামান তাপস (২৩) ও তার চাচা আনিছুজ্জামানকে (৫৮) আটকায়। সন্ত্রাসীরা তাদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তাপসের বুকে গুলি করে। এ সময় রক্তাক্ত অবস্থায় তাপস মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাপসকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আনিছুজ্জামানকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনিসুজ্জামানের পিঠে ও হাতে গুলি লাগে।

তাপসের বাবা মরহুম খালেকুজ্জামান খোকা মুন্সীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

ঘটনার পরপরই পুলিশ মহিউদ্দিনের কোটগাঁওস্থ বাড়ি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কয়েক ঘন্টা তল্লাশি চালায়। তার বাসার গ্যারেজে একটি বালুর বস্তা থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তার বাসা ঘিরে রেখেছে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। অপরদিকে নিহতের চাচা আনিসুজ্জামান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়েরেরও প্রস্তুতি নিচ্ছেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী বিডিনিউজকে জানান, ঘটনার সাথে জড়িত অনেককেই আটক করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি নাজমুল ইসলাম বলেন, সাবেক সাংসদ মোহাম্মদ মহিউদ্দিন তার নিজ বাসভবনেই গৃহবন্দি রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার অভিযোগ এবং তার বাসভবনে অবৈধ অস্ত্র উদ্ধারের কারণে তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

তবে মহিউদ্দিন বলেছেন, তাকে ফাঁসানোর জন্য বাড়ির বাইরের অংশের গ্যারেজে ওই অস্ত্রটি ষড়যন্ত্র করে রাখা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি বলেন, মহিউদ্দিনের ঘনিষ্ঠ নাঈম তাপসকে গুলি করেছে। নাঈমকেও গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

নিহতের চাচা মহিউদ্দিন এ হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা অস্বীকার করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা নাঈমের সঙ্গে মুকুল নামের একটি ছেলের বিবাদ হয় শনিবার। সেদিন নাঈমকে মারধোর করা হয়। এর জের ধরে নাঈম মুকুলকে আটকালে খবর পেয়ে তাপস সেখানে গেলে বিবাদ বাধে। তবে তা মীমাংসা হয়ে গিয়েছিল বলে তিনি জানান।

তবে হাসপাতালে চিকিৎসাধীন আনিসুজ্জামান হত্যকাণ্ডের সাথে মহিউদ্দিন ও তার লোকজনদের দায়ী করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটককৃতরা হলো-মহিউদ্দিনের ছেলে এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা ফয়সাল বিপ্লব (৩৪) ও ফারুক ওরফে বিজয় (৩০), ভাগ্নে শাহীন রেজা কাজল (৪০), উপজেলা ছাত্রলীগের সভাপতি পাভেল (৩১), সদর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আরিফ (৩৫), শহর যুবলীগের সভাপতি এলান (৩৬), জেলা আওয়ামী লীগের নেতা ডাক্তার ইকবাল (৫১), থানা যুবলীগের কার্যকরী সদস্য শাহ আলম (৩২), রিপন মোল্লা (৩৮), শাকিল (২২), মিঠু (৩২), সেলিম (৩২) ও শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ওরফে নাঈম (৩০)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী বিডিনিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ থেকে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ আনা হয়েছে। এছাড়া র‌্যাব-এর একটি দলও শহরে অবস্থান করছে।