প্রতিপক্ষের হামলায় যশোরে জিয়া পরিষদের সভা পণ্ড, আহত ৬
যশোরের মনিরামপুরে জিয়া পরিষদের একটি সভা দুর্বৃত্তরা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে। এ ঘটনায় সংগঠনের খুলনা বিভাগের সদস্য সচিবসহ ছয়জন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে জিয়া পরিষদের উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মনিরামপুর শিক্ষক সমিতি মিলনায়তনে সভা শুরুর পরই যুবদল ও ছাত্রদলের ২০/৩০ জন কর্মী হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা একটি প্রাইভেট কার ও চারটি মটর সাইকেল ভাংচুর করে।
তাদের হামলায় সংগঠনের খুলনা বিভাগীয় সদস্য সচিব কাজী কামাল, যশোর থেকে প্রকাশিত ‘আমার জমিন’ পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক আবদুল জলিল এবং ফটো সাংবাদিক জয়ন্ত বসুসহ ছয়জন আহত হয়।
আমার জমিন’র বার্তা সম্পাদক সুনীল ঘোষ জানান, কিছুদিন আগে পৌর চেয়ারম্যান শহীদ ইকবাল জিয়া পরিষদ নেতা ডা. মেসবাহকে জানিয়েছিলেন, তিনি যেন মনিরামপুরে কোনও কর্মসূচি পালন না করেন। সোমবারের হামলা তারই ধারাবাহিকতা।
সুনীল ঘোষ আরও জানান, ডা. মেসবাহকে যুবদল ক্যাডাররা পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে আটকে রাখে এবং পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
পৌর চেয়ারম্যান এবং বিএনপি নেতা শহীদ ইকবাল জানান, হামলার ব্যাপারে তিনি কিছু জানেন না।
