ইউপিগুলো সুশাসনের কেন্দ্রবিন্দু হতে পারে: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
ইউনিয়ন পরিষদগুলোকে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানগুলোর কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আরো বাড়বে।
সোমবার ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার বিভাগ ‘কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার জন্য প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এএইচএম আবুল কাশেম এতে সভাপতিত্ব করেন।
স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক শরফুল আলম, ইউএনডিপি’র প্রতিনিধি ল্যারি লাডসেন, যুগ্ম-সচিব শফিকুল ইসলাম ও বিশ্বব্যাংকের প্রতিনিধি জুনায়েদ আহমেদ আলোচনায় অংশ নেন।
বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি, দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগ দেন।
মান্নান ভূঁইয়া বলেন, চলতি অর্থবছরেই সরকার প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদগুলোকে থোক বরাদ্দ দিয়েছে। দেশের চার হাজার ৪৮৭টি ইউনিয়ন পরিষদকে ৮৯ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদগুলো সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হতে পারে। তাই অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কাজে পরিষদগুলোকে যুক্ত করা হচ্ছে।
