২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে জুডিথ চামাসের আহ্বান

মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স জুডিথ এ চামাস সোমবার পরবর্তী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 02:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সোমবার ধানমন্ডির সুধা সদনের বাসভবনে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বৈঠক শেষে চামাস সাংবাদিকদের জানান, আগামী সংসদ নির্বাচন, ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।

পশ্চিমা কূটনৈতিকদের নিয়ে গড়া টুয়েসডে গ্রুপের কনফারেন্স অনুষ্ঠানের অনানুষ্ঠানিক প্রস্তাব ও প্রস্তাবের প্রতি সরকারের নেতিবাচক মনোভাব নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না।

পরে আওয়ামী লীগ নেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু করতে দলের পরিকল্পনা সম্পর্কে তারা আলোচনা করেছেন। এছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের উদ্বেগের কথাও চার্জ ডি অ্যাফেয়ার্সকে জানানো হয়েছে।

সাবের চৌধুরী বলেন, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সন্দেহ সত্যে পরিণত হয়েছে। বিএনপি-জামাত জোট সরকার নির্বাচনে কারচুপি করার সবধরনের ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছে।

ক্ষমতাসীন দলের ছাত্রনেতা-কর্মীদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া সম্পর্কে সাবের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দেশের ভিতরে ও বাইরে যা বলেন তার সাথে বাস্তবতার অনেক ফারাক রয়েছে।

তিনি বলেন, পার্লামেন্টে বক্তব্য দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলাকারীদের আড়াল করার চেষ্টা করেছেন।

জুডিথ-হাসিনা বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।