লক্ষ্মীপুরে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভা আহ্বান, ১৪৪ ধারা জারি
লক্ষ্মীপুর পৌর এলাকায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টা পাল্টি সভা আহ্বান করায় পুলিশ সোমবার ওই এলাকায় ১৪৪ ধার জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে।
রোববার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সোমবার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইয়াছিন ঈদগাঁহ মাঠ ব্যবহারের জন্য তারা কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়।
এ অনুযায়ী তারা প্রচারণার জন্য পোস্টারিং ও মাইকিংসহ প্রায় সকল প্রস্ততি সম্পূর্ণ করেছিল।
তাদের অভিযোগ, রোববার তাদের মঞ্চ তৈরির স্থানে বিএনপিও সভা আহবান করে। এতে আইন শৃংখলার অবনতির আশঙ্কা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মনিরুল করিম প্রমুখ।
পুলিশ কর্তৃপক্ষ এ ব্যাপারে বলেছে, দুই দলের সভার ঘোষণায় এলাকায় আইন শৃংখলার অবনতির আশংকা দেখা দিয়েছে। তাই সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
