দেশের মানুষ আর ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সমালোচনা করে বলেছেন, দেশের প্রধানমন্ত্রীকে মার্কিন অ্যাটর্নী নোটিশ দিতে পারলেন কিভাবে?
এ ব্যর্থতা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা দেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ আর ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
রোববার তিনি মাগুড়ার নোমানি ময়দানে জেলা জাতীয় পার্টি (এরশাদ) আয়োজিত এক জনসভায় এ কথা বলেন। জেলা জাপা সভাপতি খান জিয়াউল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা রাজিয়া ফয়েজ, গোলাম হাবিব দুলাল, শফিউল আলম প্রধান, শেখ শওকত হোসেন নীলু, মশিউর রহমান রাঙ্গা হাসান সিরাজ সুজা প্রমুখ।
এইচএম এরশাদ বলেন, দেশ আজ ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে। বাংলাদেশ দুর্নীতিতে সেরা, ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রের তালিকায় উঠেছে। জাতি হিসেবে আমাদের মর্যাদা ফিরে পেতে হলে ক্ষমতায় যোগ্য নেতৃত্বকে ফিরিয়ে আনতে হবে।
তিনি জাতীয় পার্টির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামী নির্বাচনে তাকে কাজে লাগানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
