২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সিইসি ও সচিবের অধীনে নির্বাচন অবাধ হবে না, ভোট কারচুপি করলে পরিনতি হবে ভয়াবহ : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে নিয়োগকৃত বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশন সচিব ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপ্যাল’। তাদের অধীনে দেশে কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সিইসি বিচারপতি এমএ আজিজের পদত্যাগ ও সদ্য নিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবি জানান তিনি।

রোববার বিকেলে তার ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, জনগণের ভোট পাবে না জেনে বিএনপি জামাত জোট ভোট কারচুপির ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাইলে বাংলার মানুষ আর মেনে নেবে না। ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এবার এর পরিনতি হবে আরও ভয়াবহ। জোট নেত্রী পালাবার পথও পাবেন না।

বিরোধী দলীয় নেতা নতুন ভোটার তালিকা প্রনয়ণের বিরোধিতা করে বলেন, ’৯৬ সালে প্রণীত ভোটার তালিকার সংশোধন করা যেতে পারে। কিন্তু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার নির্যাতন হয়রানি ও বাড়িঘর ছাড়া করে বিএনপি জামাতের ক্যাডারদের দিয়ে কোনো ভোটার তালিকা মেনে নেওয়া হবে না।

শেখ হাসিনা প্রতি বুথে একটি বড় আকারের স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের দাবি জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে বিরোধী দলের দেওয়া প্রস্তাব মানতে হবে। ভোট কারচুপির কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। সংস্কারের স্বপক্ষে ব্যাপক জনমত গড়ে তুলতে দলের নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে সাবেক অতিরিক্ত সচিব ও সম্প্রতি অনুষ্ঠিত সুনামগঞ্জ-৩ উপনির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী এমএ মান্নান স্বপরিবারে এবং মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও দৌলতপুর থানা সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মাসুদুর হাসান মাসুদ দু’সহস্রাধিক নেতা কর্মীকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, আবুল মাল আব্দুল মুহিত, সিলেটের মেয়র বদর উদ্দিন কামরান, ওবায়দুল কাদের, সুলতান মোহাম্মদ মনসুর, দেওয়ান সফিউল আরেফিন টুটুল, অসীম কুমার উকিল এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন উপস্থিত ছিলেন।