২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দের বৈঠক

মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ শনিবার সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে তার বাসভবনে এক বৈঠকে মিলিত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

নেতৃবৃন্দ গত ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় কোনও নিরীহ লোকজন যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

নেতৃবৃন্দ প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, বোমা হামলার ঘটনায় কোনও নিরীহ লোককে হয়রানি করা হচ্ছে না, কেবলমাত্র সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারকৃত কোন ব্যক্তির ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমানিত না হলে সাথে সাথেই তাকে ছেড়ে দেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বোমা হামলার ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করার বিষয়ে সরকারকে সহায়তা করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বৈঠকে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা রকিব, মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস এমপি, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এমপি, মাওলানা আব্দুল লতিফ নিজামী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা শরফুদ্দিন আহমেদ জুনায়েদ, মাওলানা মুফতি তৈয়ব, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা লোকমান হোসেন এবং মাওলানা মোঃ হাসান উপস্থিত ছিলেন।