২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭১’র গণহত্যা ও সম্ভ্রমহানির ঘটনা দুঃখজনক: সাবেক পাক প্রধান বিচারপতি

পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ও মহাকবি আল্লামা ইকবালের পুত্র ড. জাভেদ ইকবাল ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা ও সম্ভ্রমহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

তিনি বলেন, ৭১’র ওই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি এজন্য দুঃখ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে ওই ঘটনা ঘটেছিল। ভূট্টো, ইয়াহিয়া, মুজিব ও ইন্দিরা আলোচনার মাধ্যমেও এ সমস্যার সমাধান করতে পারতেন। কিন্তু তারা এর কোনো সুরাহা করতে পারেননি।

‘ইসলাম শান্তি, প্রগতি ও সম্প্রীতির ধর্ম, বাংলাদেশ একটি আদর্শ উদার মুসলিম রাষ্ট্র’ শীর্ষক সেমিনারের দ্বিতীয় দিনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. জাভেদ স্বাধীনতার পর প্রথমবারের মতো সস্ত্রীক বাংলাদেশে এসেছেন। তার স্ত্রী নাসেরা ইকবালও একজন সাবেক বিচারপতি। স্বাধীনতার আগে তারা উভয়ই একবার বাংলাদেশে এসেছিলেন।

ড. জাভেদ বলেন, দ্বিজাতি তত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান হয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধি একটি পাকিস্তানের পরিবর্তে দুটি পাকিস্তান সৃষ্টি করেছিলেন। ভারতের মানুষ, এমনকি সে দেশের সাবেক প্রধানমন্ত্রী মুরারজি দেশাইও এ সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন।

তিনি ৭১’র মুক্তিযুদ্ধকে পাকিস্তানের গৃহযুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যুদ্ধ ছিলো, একটি গৃহযুদ্ধ। তবে পাকিস্তান যেমন দ্বিজাতিতত্বের ভিত্তিতে হয়েছিলো, বাংলাদেশ তা নয়। বাংলাদেশে একটি মাত্র জাতিই রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি উদার মুসলিম দেশ। এখানে সকল ধর্মের সহাবস্থান রয়েছে। সহাবস্থানের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতার পর উন্নয়নের দিকে অনেক দূর এগিয়েছে। তবে এদেশকে আরও অনেক দূর এগিয়ে হবে।

ড. জাভেদ ইকবাল বিশ্ব মুসলিম উম্মাহ’র ঐক্য কামনা করে বলেন, বিশ্বব্যাপি মুসলিম সমাজের অনৈক্যের কারণে সন্ত্রাসের দায়ভার মুসলিমদের ওপর চাপানো হচ্ছে। অস্তিত্ব নিয়ে টিকে থাকতে হলে, মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।