২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৃত্যুর আয়োজনই জোটের কাজ’ : ট্রলার ও জেলে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘুর্নিঝড়ে সাগরে নিমজ্জিত শ’ শ’ ট্রলার ডুবি ও নিখোঁজ জেলেদের উদ্ধারে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

অবিলম্বে জেলেদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

শুক্রবার এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, জোট সরকারের কাছে মানুষের কোনো মূল্য নেই, মর্যাদা নেই। অনাদরে, অবহেলায় মানুষের মৃত্যুর আয়োজন করাই হচ্ছে এ সরকারের কাজ। জীবনের প্রতি মমত্ববোধ ও ভালবাসা এ সরকার ভুলিয়ে দিতে চায়। গুরুত্বপূর্ণ সকল বিষয়ে এ সরকার যে সব সময়ই নির্লিপ্ত, নির্বিকার ও উদাসীন থাকে তা আবারও প্রমাণিত হলো।

শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের কাজই হচ্ছে মানুষ খুন করা। সব কিছু ধ্বংস করা। তাই মানুষের প্রতি দরদ বা জনগণের কাছে দায়বদ্ধ থাকার কথাও নয় এ সরকারের। এদের ক্ষমতায় রেখে মানুষের কোনো কল্যাণ হবে না। দেশ পরিচালনায় অযোগ্য ব্যর্থ জোট সরকারকে দুর্বার আন্দোলনের মাধ্যমে বিতাড়ন করেই মানুষের কল্যাণ ও মঙ্গল প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সম্প্রতি উপকুলীয় বিস্তীর্ণ অঞ্চলে ঘুর্নিঝড়ে জনজীবন লণ্ডভণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ১৭ শ’ জেলে নিখোঁজের ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখনও ৮০ টি ট্রলার ও প্রায় আট শ’ জেলে নিখোঁজ। সুন্দরবনে আশ্রয় নেওয়া ৯০ জন জেলে জলদস্যুরা বন্দি করে রেখেছে। সাগরে এখনও লাশ ভাসছে।

তিনি বলেন, সাগরে নিম্নচাপের খবরটি জানার পর সরকারের দায়িত্ব ছিলো ট্রলারগুলো ফিরিয়ে আনা। কিন্তু তা না করে নিখোঁজ জেলেদের উদ্ধারে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেশবাসী জানে না।

সাবেক প্রধানমন্ত্রী তার সরকারের শাসনামলে ঘুর্নিঝড় ও বন্যা মোকাবেলায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সরকারের নেওয়া কার্যকর পদক্ষেপগুলো অনুসরণ করলেই এভাবে জান মালের আর কোনো ক্ষতি হয় না। কিন্তু জোট সরকার দলীয় দর্শনেই বুঁদ হয়ে বসে আছে।