হাই কমাণ্ডের নির্দেশে ভোটার তালিকা তৈরিতে পূর্ণোদ্যমে কাজ শুরু করেছে ক্ষমতাসীন নেতা কর্মী ও গ্রাম সরকার
নতুন ভোটার তালিকা প্রণয়নে গ্রাম সরকার সদস্য ও ক্ষমতাসীন বিএনপি দলীয় নেতা কর্মীরা পূর্ণোদ্যমে কাজ শুরু করে দিয়েছেন।
সূত্র জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই দলের হাই কমাণ্ডের নির্দেশেই দেশের বিভিন্ন স্থানে তারা ভোটার তালিকা তৈরির কাজে মাঠে নেমেছেন।
নজিরবিহীন এ ঘটনায় অনেকেই বিষ্ময় প্রকাশ করলেও এখনও পর্যন্ত কোথাও বাধা আসেনি। বিরোধী দল অবশ্য ‘ভোট কারচুপি’র এই ‘অশুভ পদক্ষেপ’ প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ প্রতিনিধিদের অনুসন্ধানে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামাত দলীয় নেতা কর্মীরা ভোটার তালিকা প্রস্তুতের প্রাথমিক কাজ শুরু করেছেন। বিশেষ করে নবীনদের ভোটার করার বিষয়টি তারা প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছেন। একই সঙ্গে নতুন ভোটার তালিকায় ক্ষমতাসীন দলের কেউ যেন বাদ না পড়ে সেটিকেও নিশ্চিত করতে চান তারা।
