১৭ আগস্টের বোমা হামলার মূল পৃষ্ঠপোষক জামায়াতে ইসলামী: ১৪ দল
১৪ দলের নেতারা বলেছেন, ১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি’র নেতৃত্বাধীন চার দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার শরীয়তপুরে অনুষ্ঠিত এক জনসভায় তারা এ কথা বলেন। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি-জামায়াত জোট। তাদের হাতে জাতীয় নিরাপত্তা নিরাপদ নয়।
আওয়ামী লীগের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি আবদুর রব মুন্সীর সভাপতিত্বে শরীয়তপুর শিল্পকলা একাডেমি খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আবদুর রাজ্জাক এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের নেতা দিলিপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, আওয়ামী নেতা শওকত আলী প্রমুখ।
১৪ দলের নেতারা শরীয়তপুর যাওয়ার পথে জাজিরা, কাজীরহাট, বিকেনগরে পথসভায় বক্তব্য রাখেন।
জনসভায় আবদুল জলিল আরও বলেন, গ্রেপ্তারকৃতদের উল্লেখযোগ্য অংশ জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে ঘনিষ্ট সম্পর্কের কথা স্বীকার করেছে। অতীতে উল্লেখিত সন্ত্রাসীরা জামায়াতের সহায়তায় মুক্তি পেয়েছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে ছাত্রদল ও ছাত্র শিবিরের ক্যাডারদের নিয়োগ দেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করেন।
আবদুর রাজ্জাক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব ব্যাপারে বিএনপি জামায়াত জোট সরকারের যে কোন নীল নকশা প্রতিহত করা হবে। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
রাশেদ খান মেনন জোটের অপশাসন থেকে দেশকে মুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
