সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি নাকচ: বাড়লো সরকার ও বিরোধীদের দূরত্ব
সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে সরকারের মন্ত্রী ও সাংসদদের ফ্রিস্টাইল বক্তব্য এবং বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি নাকচ করে দেওয়ায় দুপক্ষের দূরত্ব আরও বেড়ে গেলো।
অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বুধবার শেষ হয়েছে। এ অধিবেশনেও প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা যোগ দেননি।
অধিবেশনটি ছিল মাত্র নয়দিন স্থায়ী। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদে না থাকায় অধিবেশন ছিল অনেকটা একদলীয়। জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যরা উপস্থিত থাকলেও তাদের কারণে-অকারণে সরকারের প্রশংসায় পঞ্চমুখ থাকতে দেখা যায়।
তবে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী শুধুমাত্র শেষদিন অধিবেশনে যোগ দেন।
৮ সেপ্টেম্বর অধিবেশনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে দেশব্যাপী ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে তার বক্তব্য দেন। সমাপনী দিনে এ ব্যাপারে ৩০০ ধারায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী।
সদ্য সমাপ্ত অধিবেশনেই প্রথমবারের মতো যোগ দেন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ৩৬ জন সদস্য। এসব মহিলা সদস্যের সংসদে যোগদানে কোরাম সংকট কিছুটা কমলেও তাদের জোরালো কোনও ভূমিকা ছিল না।
অধিবেশনে মোট নয়টি আইন পাস করা হয়। আইনগুলো হচ্ছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সাংসদদের সম্মানী বৃদ্ধি, ভেজালমুক্ত খাদ্য (সংশোধনী) আইন, বীজ (সংশোধনী) আইন ২০০৫ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন।
এসব গুরুত্বপূর্ণ আইন পাস করা হয় মাত্র কয়েক মিনিটের আলোচনার মধ্য দিয়ে। জাতীয় পার্টির দু’একজন সদস্য এসব আইনে সংশোধনী আনলেও শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেননি। অনেক ক্ষেত্রে আলোচনার সুযোগ পেলেও তাদের কোনও প্রস্তাব গ্রহণ করেনি সরকার। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে সরকার দলীয় সাংসদ মেহেদী আহমেদ রুমীর কয়েকটি সংশোধনী প্রস্তাব নেওয়া হয়।
এবারের অধিবেশনে কার্যবিধির ৬২ ধারায় বেশকিছু স্পর্শকাতর বিষয়সহ ২৮টি বিষয়ে আলোচনার জন্যে মুলতবি প্রস্তাব দেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ এবং কয়েকজন স্বতন্ত্র সদস্য।
ইস্যুগুলোর মধ্যে ছিল, ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, র্যাবের ক্রসফায়ারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সবগুলো প্রস্তাবই বাতিল করে বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সংসদে তিন ঘন্টা পাঁচ মিনিট আলোচনা হয়েছে। ১৭ আগস্টের হামলার ব্যাপারে প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছেন। এছাড়া বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অধিবেশনের বেশির ভাগ সময়ই প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী সংসদে অনুপস্থিত ছিলেন। বিশ্ব শীর্ষ সম্মেলন ২০০৫-এ অংশ নিতে তারা তিনজনই নিউইয়র্কে অবস্থান করছিলেন।
সংসদের অধিবেশনে সরকার দলীয় সদস্যরা বিরোধী দলের কর্মকাণ্ড সম্পর্কে অনেকটা ফ্রিস্টাইল বক্তব্য রাখেন। বক্তব্যে বিরোধী দলের বিরুদ্ধে বিষোদ্গারও ছিল মন্ত্রীদের বক্তব্যে।
সমাপনি বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি নাকচ করে দেন। তিনি শুধুমাত্র নির্বাচনকে সুষ্ঠু করার প্রয়োজনে নির্বাচন সংক্রান্ত কোনও প্রস্তাব থাকলে, তা নিয়ে বিরোধী দলকে আলোচনার আহ্বান জানান।
সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে সংসদে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে দীর্ঘদিন ধরেই। তবে এ ব্যাপারে সরকারের কোনও আন্তরিকতা দেখা যায়নি। বরং সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সাইফুর রহমান প্রশ্নোত্তর পর্বে উত্তর দিতে গিয়ে বিরোধী দল ছাড়াই সংসদ ভাল চলছে বলে মন্তব্য করেন। এক্ষেত্রে নবনির্বাচিত মহিলা সাংসদরাও ভূমিকা রাখতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
