যারা ইসলামে বিশ্বাস করে, তাদের সাথে সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক থাকতে পারে না: বিচারপতি লতিফুর রহমান
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান বলেছেন, যে ব্যক্তি ইসলামে বিশ্বাস করে, তার সাথে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক থাকতে পারে না।
সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত সেমিনারে বৃহস্পতিবার তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার দেশ। এর সংবিধানে সর্বশক্তিমান আল্লাহ’র প্রতি আস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সকলেই নিজ নিজ ধর্ম পালন ও চর্চা করতে পারে। সকল ধর্মাবলম্বী একসাথে বসবাস করে। প্রতিটি নাগরিকই প্রতিটি ধর্মাবলম্বীর প্রতি সহনশীল।
ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী আঞ্চলিক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সিএনআরএস সভাপতি এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম শমসের আলী। বক্তব্য রাখেন পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ড. জাভেদ ইকবাল, মালয়েশিয়ার ড. জামিল ওসমান ও ড. হাসলিনা, শ্রীলংকার এমএ কাদের, ইন্দোনেশিয়ার ড. সোহেরিন সালেহীন, সিঙ্গাপুরের হাজী হাশিম কামারুদ্দিন এবং সিএনআরএস সাধারণ সম্পাদক ইরতিজা নাসিম আলী।
বিচারপতি জাভেদ ইকবাল বলেন, ইসলামের জন্যে যারা সংগ্রাম করছে, তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের সাথে সন্ত্রাসীদের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মানিত নয়। ইসলামে সন্ত্রাসের কোনও স্থান নেই। ইসলামের নামে যারা সন্ত্রাস করে, তারা মুক্তিযোদ্ধা নয়।
ড. জামিল ওসমান বলেন, ইসলাম শান্তির ধর্ম। তবে শান্তির জন্যে উন্নয়ন দরকার। তাই ইসলাম প্রতিষ্ঠার জন্যে আগে উন্নয়নের প্রয়োজন।
