জামাত কখনও কোনও সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিল না: নিজামী
একাত্তরের যুদ্ধাপরাধী, জামায়াতে ইসলামীর আমীর ও শিল্পমন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামী দাবি করেছেন, তার দল কখনও কোনও সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত ছিল না।
জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে বুধবার মতিউর রহমান নিজামী বলেন, ১৭ আগস্টের বোমা হামলাকারীদের আমরা এরই মধ্যে দেশ, গণতন্ত্র ও ইসলামের শত্রু হিসেবে অভিহিত করেছি। সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে যথাযথ তদন্তের ব্যবস্থা নিয়েছে। এরপরও প্রধান বিরোধী দল ও তাদের দোসররা প্রতিনিয়ত এর দায়-দায়িত্ব জামায়াতের ওপর চাপানোর অপপ্রয়াস চালাচ্ছে। মিডিয়ার একাংশও চালাচ্ছে একই অপপ্রয়াস।
তিনি আরও বলেন, জামায়াতের ইতিহাসে কেউ এমন একটি দৃষ্টান্তও দিতে পারবে না, যেখানে জামায়াত কোনও সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া গডফাদারদের তালিকাতেও তারা জামায়াতের কাউকে তালিকাভুক্ত করতে পারেনি।
বিবৃতিতে শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ওই বোমা হামলার সঙ্গে জামায়াতকে সরাসরি জড়িত করতে ব্যর্থ হয়ে এখন কে কার আত্মীয় বা কে কবে কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল, তা আবিষ্কার করে গায়ের জোরে জামায়াতকে এর সঙ্গে জড়িত প্রমাণ করার অপকৌশল চালাচ্ছে।
তিনি বলেন, ইসলাম কোনও সন্ত্রাসবাদ বা বল প্রয়োগের নীতি অনুমোদন করে না। ইসলামের নাম করে যারা ওই জঘন্য সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত তারা বাংলাদেশকে অস্থিতিশীল, অকার্যকর রাষ্ট্র এবং তথাকথিত জঙ্গিবাদের আখড়া প্রমাণ করেতে চায়। তারা চায়, এসব প্রমাণ করে এদেশে বাইরের হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তুত করতে।
