প্রধানমন্ত্রী ভারত-বাংলাদেশ জেআরসি ও মন্ত্রী পর্যায়ের বৈঠকের ওপর জোর দিয়েছেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উভয় দেশের অভিন্ন সমস্যা সমাধানে মাঝে মধ্যেই ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকের ওপর গুরুত্বারোপ করেছেন।
দুইদিনের জেআরসি বৈঠক শেষে বুধবার সফররত ভারতীয় পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে তার কার্যালয়ে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় ভারতীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শে সম্মতি জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রীর সাথে আলোচনাকালে মুন্সি বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সাথে তার বৈঠককে ‘গঠনমূলক ও তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন।
আলোচনায় উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহকে আলোচনায় প্রাধান্য দেওয়া হয়।
তারা নদী ভাঙ্গনের কারণে জনগণের দুর্দশা, এ সমস্যা সমাধানের উপায় এবং তিস্তাসহ ছয়টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়েও আলোচনা করেন।
এ সময় মুন্সি প্রধানমন্ত্রীকে অবহিত করেন, তিনি (মুন্সি) বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন এবং জনগণের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী মুন্সির মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে অভিনন্দন জানান এবং আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে উভয়ের সাক্ষাৎ হবে বলে আশা প্রকাশ করেন।
