গ্রাম সরকার তৈরি করবে নতুন ভোটার তালিকা
আগামী সংসদ নির্বাচনের জন্য গ্রাম সরকারকে দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করা হবে। নতুন ভোটান তালিকা তৈরীর ক্ষেত্রে গ্রাম সরকার ভোটারদের প্রাথমিক তথ্য সংগ্রহ করবে।
প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ বিডিনিউজকে জানান, গ্রাম সরকারের সংগ্রহীত তথ্য পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদ এবং সবশেষে জেলা পরিষদ যাচাই করবে। এরপরেই তৈরি করা হবে নতুন ভোটার তালিকা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী নভেম্বর মাসে ভোটার তালিকা তৈরির মাঠ পর্যায়ের কাজ শুরু হচ্ছে।
এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে ভোটার তালিকা তৈরির জন্য ১৪৬ কোটি টাকার বাজেট বরাদ্দ করার। ১৩ আগস্ট নির্বাচন কমিশন ৪৬টি খাতে বরাদ্দের জন্য অর্থমন্ত্রণালয়ের কাছে এ টাকা চেয়ে পাঠায়। এরমধ্যে রয়েছে তথ্য সংগ্রহের জন্য ৭৫ কোটি টাকা, ভোটার তালিকা মূদ্রণ ও বিতরণের জন্য ২৭ কোটি টাকা, মূদ্রণের কাগজের জন্য পাঁচ কোটি টাকা এবং অন্যান্য খাতে বাকি টাকা।
সূত্র জানায়, নভেম্বর মাস জুড়েই চলবে তথ্য সংগ্রহের কাজ। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তা মুদ্রণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।
অষ্টম সংসদ নির্বাচনের ভোটার তালিকা তৈরি করার জন্য ১১০ কোটি টাকার বাজেট চাওয়া হলেও বরাদ্দ ছিলো ১০৫ কোটি টাকা। তবে নির্বাচন কমিশন এ খাতে ব্যয় করে ৯৫ কোটি টাকা। বাকি টাকা কমিশনের উন্নয়ন খাতে জমা দেওয়া হয়।
