চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল বুধবার বন্দরনগরী চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীর কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম বন্দরের কাজকর্মও স্বাভাবিক ছিল বলে সূত্র জানায়। এমনকি চট্টগ্রাম বন্দরে কিছু কিছু মালামাল আনা-নেওয়ার কাজও চলেছে।
হরতালের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট বাতিল করা হয় বলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়। তবে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সবগুলো আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।
নগরীর প্রধান প্রধান রাস্তাগুলোর প্রায় সব দোকানপাট হরতালের সময়ে খোলা থাকলেও শপিং কমপ্লেক্স এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। নগরীতে কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু আন্তজেলা বাস চলাচল করেছে।
নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হরতাল চলাকালে প্রচুর সংখ্যক বিডিআর ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
