২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের আগের দিন আজমপুরে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক: গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য মাসুদের স্বীকারোক্তি, ল্যান্সনায়েক হারুন-উর রশীদ সাত দিনের রিমান্ডে, আরো গ্রেপ্তার

দেশজুড়ে ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার ভোরে ঢাকায় গ্রেপ্তারকৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্সনায়েক হারুন অর রশিদকে কিশোরগঞ্জে জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে পুলিশ সূত্র জানায়।

এদিকে, বোমা হামলায় জড়িত সন্দেহে গাজীপুরে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য আবদুর রহমান ওরফে মাসুদ (১৮)স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারের পর ঢাকায় এনে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদকালে সে এ স্বীকারোক্তি দেয়।

জিজ্ঞাসাবাদকালে মাসুদ জানায়, ১৭ আগস্ট বোমা হামলার আগের দিন উত্তরার আজমপুরের একটি মসজিদে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। এর আগে ২০০৪ সালে নরসিংদী শহরে তিনদিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। যেখানে শায়খ আবদুর রহমানের ভাই আতাউর রহমানসহ শীর্ষ আরও দুই নেতা তাদের অস্ত্র চালনা এবং ইসলামী জেহাদ সম্পর্কিত তত্ত্বীয় প্রশিক্ষণ দেয়।

মাসুদ আরও জানায়, ১৬ আগস্ট বোমা হামলা সম্পর্কিত চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে আলোচনার জন্যে সে (মাসুদ) এবং আবদুল্লাহ নামে অপর এক জেএমবি সদস্য উত্তরায় আজমপুরের ময়নারটেকের একটি মসজিদে এ বৈঠক করে। বৈঠকে জাহিদ নামে অপর এক জেএমবি সদস্য তাদের বোমা হামলার ব্যাপারে সংক্ষিপ্ত ব্রিফিং দেয়।

মাসুদ উল্লেখ করে, ব্রিফিং শেষে আমার হাতে বোমার প্যাকেট দেয় জাহিদ। পরদিন খিলক্ষেতের রাজউক ট্রেড সেন্টারের সামনে বোমা পুঁতে রাখলে সকাল ১০টা৫৫ মিনিটে তা বিস্ফোরিত হয়।

মাসুদের পিতা মওলানা মোহাম্মদ আফতাব উদ্দিন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উত্তরপাড়া গ্রামে। সে গাজীপুরের তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র।

বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত মাসুদের মামাতো ভাই মামুনুর রশীদের স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুর ডিবি পুলিশ মাসুদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আত্মগোপনে থাকার পর টাকা নিতে তিন দিন আগে নিজ গ্রামের বাড়িতে গেলে সে ডিবির হাতে ধরা পড়ে। মামুনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছিলো স্থানীয় গোয়েন্দারা।

মাসুদ আরও জানায়, ২০০৪ সালে নরসিংদীতে প্রশিক্ষণ শিবিরের জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের ভাই আতাউর রহমান তাদের অস্ত্র চালনা এবং ইসলামী জেহাদ সম্পর্কিত তত্ত্বীয় ক্লাস নিয়েছিল। প্রশিক্ষকরা বোর্ডে বিভিন্ন অস্ত্রের ছবি এঁকে তাদের অস্ত্র চালনা শেখায়।

ঢাকা থেকে গ্রেফতারকৃত অবসরপ্রাপ্ত ল্যান্সনায়েক হারুন-উর রশিদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কুতুবপুর গ্রামে। তার বিরুদ্ধে বাজিতপুর থানায় চার বছর আগের একটি ডাকাতি মামলা রয়েছে। ঢাকার নবাবপুরে তার জুতার দোকান আছে বলেও পুলিশ জানায়।

কিশোরগঞ্জের পুরুই গ্রাম থেকে ১৪ সেপ্টেম্বর জনতার হাতে আটক ওবায়দুল্লাহ সুমনের (২৩) স্বীকারোক্তি অনুযায়ী অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যকে রাজধানীর মিরপুরের মনিপুর থেকে তার (হারুণ) শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমনকে ৫০টি ডেটোনেটর, চার কেজি গান পাউডার, ১২প্যাকেট পাওয়ার জেম ও নগদ ১২ হাজার ৯০০ টাকাসহ স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সুমন পুলিশের কাছে জানায়, বিস্ফোরকদ্রব্যগুলো বাজিতপুরের হিলদিয়া গ্রামের মসজিদে অপেক্ষমাণ অবসরপ্রাপ্ত সেনা সদস্য হারুন-উর রশীদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিলো।

সুমন আরও জানিয়েছিল, সারাদেশে সিরিজ বোমা হামলায় যে বোমা ব্যবহƒত হয়েছে, তা তৈরি করতে কিশোরগঞ্জের বাজিতপুরের সাবেক সেনা কর্মকর্তা ল্যান্সনায়েক হারুন-উর রশিদ ও সাবেক অনারারি ক্যাপ্টেন মহিউদ্দিন জেএমবি’র সদস্যদের প্রশিক্ষণ দিয়েছিল। মহিউদ্দিনের বাড়িও কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে গ্রেফতারকৃত সুমনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানার কাঁঠালরাজ বাড়ি।

সুমন জানিয়েছিল, ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার আগে ঢাকাসহ চারটি জায়গায় বোমা তৈরির ২০ সদস্যের স্কোয়াডকে প্রশিক্ষণ দেওয়া হয়। ঢাকা ছাড়াও টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জের গোপন আস্তানায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ওই দুই সেনা কর্মকর্তা। তারা চার সপ্তাহের প্রশিক্ষণে বোমা তৈরির স্কোয়াডকে ইলেক্ট্রনিক ডিভাইস ও বি¯েম্ফারক দিয়ে বোমা তৈরিতে পারদর্শী করে তোলে।

এদিকে, জয়পুরহাটের সদর উপজেলার কোমর গ্রাম থেকে পুলিশ জেএমবি’র একজন সক্রিয় সদস্যকে সোমবার গভীর রাতে আটক করে। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে তার পরিচয় প্রকাশ করে।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম (২২) ড. গালিবের আহলে হাদিস আন্দোলন ও যুব সংঘের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

১৭ আগস্ট বোমা হামলার পর ওই রাতেই গ্রেপ্তারকৃত জেএমবি’র সদস্য ইদ্রিস আলী মন্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতে আমজাদ হোসেনের পুত্র আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের ইদ্রিস আলী ও তার ছেলে আবদুল জব্বারকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে আনা হয়েছে। জঙ্গি সন্দেহে জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাট জেলার পুলিশ সুপার আবদুল্লাহ-আল-আজাদ চৌধুরী বিডিনিউজকে এ তথ্য জানান।

এদিকে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত বান্দরবানে জেলা কাউন্সিল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে তিন দিনের রিমান্ডে নিয়েছে।

গোয়েন্দা সংস্থার সদস্যরা ১৯ সেপ্টেম্বর তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তার বিরুদ্ধে জেএমবি’র লিফলেট বিলি করাসহ ১৭ আগস্ট ধারাবাহিক বোমা হামলা জড়িত থাকার অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ইসলামী জঙ্গি সংগঠনের সাথে জড়িত সন্দেহে লক্ষ্মীপুরে গ্রেপ্তারকৃত চার জনের মধ্যে তিন জনকে জেল হাজত এবং একজনকে আরও দু দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিন দিনের রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। আদালত গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল হোসেনের বিরুদ্ধে দু দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আবদুর রহমান শাহজাহান, আবদুর রহিম ও মৌলভী ইসমাইল হোসেনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশের কাছে আত্মসমর্পনকারী চাঁপাইনবাবগঞ্জে বোমা হামলার সঙ্গে জড়িত জেএমবি ক্যাডার শাখাওয়াতকে বুধবার সা দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে গোমস্তাপুরে গ্রেফতার এবং বোমাহামলার প্রাথমিক তথ্য প্রদানকারী মহব্বতকে গোয়েন্দা পুলিশ বুধবার ঢাকায় জেআইসিতে পাঠিয়েছে।

বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, গোয়েন্দা পুলিশ হরকাতুল জেহাদের দু সদস্যকে গ্রেপ্তার করেছে। শহরের গোলাবাড়ি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের বুধবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ইসমাইল খান (৩৬) এবং আবব্বাস আলী (৩৪)।

ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে পুলিশ তাদের আটক করে।