বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত
রাজধানীর কয়েকটি স্থানে ও ঢাকার বাইরে কোথাও কোথাও বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া সারাদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতাল চলাকালে রাজধানীসহ সারাদেশে দলের একশ’র বেশি নেতাকর্মী আহত ও গ্রেফতার হয়েছে বলে দাবি করেছে ১৪ দল। তারা জানায়, গ্রেফতারকৃত ও আহতদের অধিকাংশই মহিলা কর্মী।
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে ১৪ দল এ হরতাল ডাকে।
হরতাল চলাকালে রাজধানীতে পুলিশের হামলা এবং হরতাল সমর্থক ও পুলিশের মধ্যকার সংঘর্ষের সময় দুই সাংবাদিক আহত হয়েছেন।
মিরপুর ১০ নম্বরে বেলা ১১টায় চ্যানেল আই’র ক্যামেরাম্যান হরতাল সমর্থক মহিলা কর্মীদের ওপর পুলিশি হামলার চিত্র ধারণ করলে পুলিশ চ্যানেলের রিপোর্টার মাহবুব মতিনকে বেপরোয়াভাবে পিটিয়ে আহত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশ জানায়, এ ঘটনায় এডিসি (পশ্চিম) নজরুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ধানমন্ডিতে বেলা সাড়ে ১১টায় পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে মাথায় পাথরের আঘাত পেয়ে আহত হন দৈনিক সমকালের ফটো সাংবাদিক শফিক কাজল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের গোল চত্বর এলাকায় মহিলা যুবলীগের কর্মীরা মিছিলসহ পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিরোধী দলের ছয়জন কর্মীকে আটক করে।
অপরদিকে, সকালে জাসদ (ইনু) বঙ্গবন্ধু এভিনিউ’র কেন্দ্রীয় কার্যালয় থেকে মহানগর কমিটি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয়।
হরতালে রাজধানীতে কিছু বাস ও মিনিবাস চলাচল করেছে। তবে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান পাট ছিল বন্ধ। সরকারি অফিস আদালতে উপস্থিতির হার ছিল কম।
হরতালের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও স্থানসমূহে ব্যাপক পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়।
খুলনা প্রতিনিধি জানান, জেলার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় সকালে আওয়ামী লীগের সাংসদ পঞ্চানন বিশ্বাসের নেতৃত্বে হরতালের একটি মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পঞ্চানন বিশ্বাসসহ অন্ততঃ ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী কমবেশি আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজের কক্সবাজার প্রতিনিধি জানান, সকাল সোয়া ৯টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা ও যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজসহ বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে সাতজন মহিলা কর্মীকে আটক করে।
বিডিনিউজের গাইবান্ধা প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে আওয়ামী লীগ একটি মিছিল বের করলে পুলিশ তাকে বাধা দেয়। এসময় পুলিশ জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করে। এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে।
এছাড়া বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের কথা জানা গেছে।
