উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগে কোনো অনিয়ম হয়নি: বিডিনিউজকে সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগে কোনো ধরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজকে তিনি বলেন, সকল নিয়ম-নীতি মেনেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এসব নিয়োগ বাতিলের কোনো প্রশ্নই আসে না।
সিইসি ৩০০ উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে ১৫০ জন ছাত্রদল নেতা-কর্মী নিয়োগ বিতর্ক সম্পর্কে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪০ হাজার ৫৯৮ জন প্রার্থী থেকে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয় তিন হাজার ২১২ জন। এর থেকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ৩২৮ জন। সেখান থেকে ৩০০ জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
সিইসি বলেন, সরকারি কর্মকমিশনের দেওয়া এ নিয়োগের দায় নির্বাচন কমিশনের নয়। তবে নিয়োগপ্রাপ্তরা যদি তাদের নির্বাচনী দায়িত্ব পালনে কোনো অনিয়ম ও অবহেলা করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, সব মানুষই কোনো না কোনো দল করে। কিন্তু নিয়োগের সময় তাদের রাজনৈতিক পটভূমি যাচাই করা সম্ভব নয়। আর ছাত্র জীবনে কেউ ক্যাডার হলেও কিছু যায় আসে না। বৈধ নিয়মে নিয়োগ দেওয়ার পরও যদি কেউ নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে, আইন অনুযায়ী অবশ্যই বিচার করা হবে।
