হরতালে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার ১৪ দলের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে মহিলাসহ নেতা কর্মীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা, বেধড়ক লাঠিচার্জ, প্রহার, গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে বুধবার তিনি গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
শেখ হাসিনা তার ভাষায় অযোগ্য লুটেরা ব্যর্থ জোট সরকারের দমন পীড়ন, অত্যাচার নির্যাতন উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত হরতাল পালন করে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করায় দেশবাসীকে অভিনন্দন জানান। একই সঙ্গে ডিজেল কোরোসিনসহ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী বিএনপি জামাত জোটের দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্যে দল মত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিককে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
১১ দলের নিন্দা
বাম রাজনৈতিক মোর্চা ১১ দলের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে বুধবারের হরতালে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের নিন্দা জানানো হয়েছে।
১১ দল নেতৃবৃন্দ জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্বতঃস্ফূর্ত হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানান।
