উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে ছাত্রদল ও শিবির কর্মী নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার উপজেলার নির্বাচন কর্মকর্তা পদে ছাত্রদল ও জামাত শিবিরের কর্মী নিয়োগের ঘটনাকে দলীয়করণ হিসেবে উল্লেখ করে অবিলম্বে এ সমস্ত নিয়োগ বাতিল ও পক্ষপাতদুষ্ট প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে তিনি তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনারের সংস্কার সংক্রান্ত গণদাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকার তাদের দলীয় ক্যাডারদের গণহারে নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে আগামী নির্বাচনে কারচুপির পথ পরিস্কার করেছে।
তিনি আরও বলেন, জোট সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। আগামী নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে জেনে তারা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের মাধ্যমে জনগণকে তাদের পছন্দের সরকার বেছে নেয়ার অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। এ উদ্দেশ্যেই তারা বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পছন্দের ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করার অনৈতিক পথ বেছে নিয়েছে। সবশেষে তারা ছাত্রদল ও শিবিরের চিহ্নিত ক্যাডারদের নির্বাচন কর্মকর্তা পদে বসিয়ে ভোট চুরির ষোলকলা র্পূণ করতে চাইছে।
বিরোধী দলীয় নেতা বলেন, এই নিয়োগ দেশ ও জাতীর জন্য শুধুমাত্র দুভার্গজনক নয় বরং ভবিষ্যত নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষকে শংকিত করে তুলেছে। যার মাধ্যমে ভবিষ্যত গণতান্ত্রিক ও আইনের শাসনের প্রক্রিয়া ধ্বংস হবে।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহমান এক যুক্ত বিবৃতিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দলীয় নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন। বুধবার দেওয়া বিবৃতিতে তারা আরও বলেন, নির্বাচন কমিশনের মতো একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয় করণ করা জাতির জন্যে আরেকটি অশনি সংকেত এবং ভভিষ্যত গণতান্ত্রিক ও আইনের শাসনের প্রক্রিয়াকে ধ্বংস করতে যথেস্ট সহায়ক হবে।
