সারাদেশে ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছে।
হরতাল চলাকালে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। খুলনায় হরতাল সমর্থকদের মিছিলে বিএনপি সমর্থকদের হামলায় আওয়ামী লীগের সাংসদ পঞ্চানন বিশ্বাস লাঞ্ছিত হয়েছেন।
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগে দাবিতে এ হরতাল ডাকা হয়।
হরতালে বিরোধী দলের নেতা কর্মীরা রাজধানীর প্রতিটি থানা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিংসহ মিছিল সমাবেশ করেছে।
হরতাল সফল করতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ ব্যাপক প্রস্তুতি নেয়। মঙ্গলবার রাজধানী ঢাকায় তারা হরতালের সমর্থনে পৃথক পৃথক মিছিল সমাবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের গোল চত্বর এলাকায় মহিলা যুবলীগেরকর্মীরা মিছিলসহ পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপর ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে বিরোধী দলের ছয়জন কর্মীকে আটক করা হয়।
সকালে জাসদ (ইনু) বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে মহানগর কমিটি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।
হরতালে সরকারি অফিস-আদালতে উপস্থিতির হার ছিলো একেবারই কম। বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।
বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, জেলায় বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় সকালে আওয়ামী লীগের সাংসদ পঞ্চানন বিশ্বাসের নেতৃত্বে হরতালের একটি মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্ততঃ ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী লাঞ্ছিত হয়।
এ সময় সাংসদ পঞ্চানন বিশ্বাস লাঞ্ছিত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজের কক্সবাজার প্রতিনিধি জানান, সকাল সোয়া ৯টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে আটক করা হয় সাতজন মহিলা নেত্রীকে।
এদের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক মোস্তফা হামিদ তাহের ও যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ রয়েছেন।
দূরপাল্লার কোনো গাড়ি কক্সবাজার ছেড়ে যায়নি। দোকান-পাট বন্ধ রয়েছে।
১৪ দল ইতোপূর্বে ১৮ সেপ্টেম্বর হরতাল ডাকলেও কমনওয়েলথ গেমস’র কুইন্স ব্যাটনের বাংলাদেশে আগমন উপলক্ষে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার অনুরোধে তা ২১ সেপ্টেম্বর বুধবার করার সিদ্ধান্ত নেয়।
এদিকে বাম ১১ দলীয় মোর্চার অন্যতম শরিক ও ১৪ দল থেকে সরে আসা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১৮ সেপ্টেম্বরেই হরতাল পালন করে। অবশ্য সিপিবির এ হরতালে সারা দেশে তেমন কোনো সাড়া মেলেনি।
হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরণের সহিংসতা রোধে নগরীরর গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।
বিরোধী দলের একটি সূত্র জানিয়েছে, সম্ভবত এই হরতালই হবে রমজানের আগে শেষ হরতাল
