রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ
সরকার অনুরোধে করলে কমনওয়েলথ বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তার বিষয়ে তাদের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
কমনওয়েলথ মহাসচিব ডন ম্যাককিনন জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশন চলাকালে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানের সাথে সাক্ষাত করে এ আগ্রহের কথা জানান। এ সময় তারা উন্নয়ন ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, ম্যাককিনন এ সময় বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। বাংলাদেশ সরকারের আগ্রহের প্রেক্ষিতে এসব বিষয়ে সব ধরণের সহযোগিতা দিতে তিনি আগ্রহের কথা প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রী মহাসচিবকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি সাম্প্রতিক বোমা হামলা ও হামলাকারীদের গ্রেফতারে সরকারের গৃহিত পদক্ষেপ ব্যাখ্যা করেন। ম্যাককিনন সরকারের গৃহিত পদক্ষেপের প্রশংসা করেন।
এক তথ্য বিবরনীতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রী এ সময় কমনওয়েলথের বার্ষিক সমন্বয় সভায়ও যোগ দেন।
সভায় আগামী ডিসেম্বরে হংকংয়ের সভাকে সামনে রেখে বিভিন্ন ইস্যূতে বিস্তারিত আলোচনা হয়।
