বিকল্পধারা’র জাতীয় ঐক্য দিবস পালিত
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী মঙ্গলবার বলেছেন, সামনে এগিয়ে যেতে হলে জাতির মহান সন্তানদের অবদানের কথা স্মরণ রাখতে হবে।
তিনি বলেন, বিগত দিনের নেতাদের নিয়ে অনাকাঙ্খিত বিতর্ক দেশের জন্য কোনও কল্যাণ বয়ে আনবে না। তাই সকল অপপ্রচার একপাশে সরিয়ে রেখে দেশের জন্য তারা যেসব ভালো কাজ করেছেন সেগুলোর অনুসরণ করা উচিত।
জাতীয় ঐক্য দিবস উপলক্ষে সেগুনবাগিচায় বিকল্পধারা কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, অন্যকে সম্মান জানালে যেমন কেউ ছোট হয় না এবং অন্যের প্রতি ঈর্ষান্বিত হয়েও কেউ বড় হতে পারে না।
বিকল্পধারা বাংলাদেশ শবে বরাতের পরবর্তী দিনটিকে প্রয়াত ছয় নেতা-শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেনারেল এমএজি ওসমানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করে থাকে।
প্রয়াত বিশিষ্ট নেতাদের অবদানের কথা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের অস্তিত্বের চূড়ান্তে রয়েছে তাদের সম্মিলিত অবদান।
আওয়ামী লীগ ও বিএনপি’র প্রভাবশালী নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বঙ্গবন্ধু ও জিয়াকে অন্ধভাবে অনুসরণের মাধ্যমে স্ব স্ব দলগুলো তাদের মর্যাদা ক্ষুন্ন করছে।
তিনি বলেন, তাদের আলাদা আলাদা অবস্থান থাকা সত্ত্বেও তাদের নাম একসঙ্গে ব্যবহারের মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। বঙ্গবন্ধুর নাম প্রত্যাখ্যান বা অপব্যবহার জাতির ইতিহাসকে প্রত্যাখ্যান করার সামিল বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি বলেন, যারা তাদের অবদানকে খাটো করে তুলে ধরে তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মেজর জেনারেল (অব.) এমএ হালিম, সাধারণ সম্পাদক মেজর জেনারেল (অব.) এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী এবং নূরুল আমিন ব্যাপারী, মোড়ল আমজাদ হোসেন, ড. এ জাহের ও অ্যাড. সাবেরা সুলতানা বক্তব্য রাখেন।
বৈঠক শেষে প্রয়াত ছয় নেতা ও শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
