খালেদা জিয়ার নিউইয়র্ক সফরকালে প্ররোচনাকারিরা সফল হয়নি: রিয়াজ রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে নিউইয়র্ক সফরকালে সরকারকে হেনস্থা করতে অনেক সুপরিকল্পিত প্ররোচণা চালানো হয়েছিল। কিন্তু এর কোনটিই সফল হয়নি।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাম্প্রতিক নিউইয়র্ক সফর সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিয়াজ রহমান বলেন, অনেক সুপরিকল্পিত প্ররোচনা চালানো হয়েছিল। কিন্তু সেগুলো সফল হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইসের সাথে সাক্ষাতকালে তিনি প্রধানমন্ত্রীর সাথে ব্রিবতকর কোন ইস্যু নিয়ে আলাপ করেননি।
কন্ডোলিসা রাইসের মাধ্যমে প্রেসিডেন্ট বুশকে দেওয়া মার্কিন কয়েকজন সিনেটর এবং রিপ্রেজেনটিভের চিঠিও এ প্ররোচনার অংশ কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি আর কোন মন্তব্য করতে চাই না। মার্কিন সরকার খুব ভালো করেই জানে এখানে কি হচ্ছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের একটি প্রোগ্রাম এবং পাাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে প্রধানমন্ত্রী সাক্ষাত না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, সময়ের অভাবেই তা সম্ভব হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইসের বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
