নওগাঁয় গ্রেফতারকৃত জেএমবি নেতা বোমা হামলার কথা স্বীকার করেছে
নওগাঁয় গ্রেফতারকৃত জামা’আতুল মোজাহিদীনের (জেএমবি) আঞ্চলিক নেতা আব্দুল কাইয়ুম ওরফে কায়েস ১৭ আগস্ট বোমা হামলার কথা স্বীকার করে সোমবার পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে।
পুলিশ সোমবার তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে।
নওগাঁ পুলিশ সুপার জামিল আহমেদ জানান, জামা’আতুল মোজাহিদীনের একজন কমান্ডারের নেতৃত্বে নওগাঁয় ১৭ আগস্ট বোমা হামলায় জেএমবির সাত জন জঙ্গি অংশ নেয়। নওগাঁ জজকোর্টের গাড়ি পার্কিং শেডের ভেতরে বিস্ফোরিত বোমাটি কায়েস নিজে রেখে এসেছিল বলে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে কায়েস বাকি ছয় জঙ্গির নাম জানালেও ওই কমান্ডারের নাম বলতে পারেনি।
পুলিশ রোববার জেলার নিয়ামতপুর উপজেলার পরাণপুরে গ্রামের বাড়ি থেকে কায়েসকে গ্রেফতার করে। পুলিশ কায়েসের দেওয়া তথ্য যাচাইসহ জঙ্গিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে। নওগাঁয় এ পর্যন্ত মোট সাত জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
