যাত্রা সিনেমায় বোমা হামলার কথা স্বীকার করেছেন জামা’আতুল নেতা ডা. মাসুদ, ট্রেনিং নিয়েছেন শায়খ রহমানের কাছে
জামা’আতুল মুসলেমিনের খুলনা জেলা শাখার আমীর ডা. এমএম মাসুদ বিন ইসহাক ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার না করলেও ২০০২ সালে সাতক্ষীরায় সার্কাস, যাত্রা প্যান্ডেল ও সিনেমা হলে বোমা হামলার কথা স্বীকার করেছেন।
তিনি শায়খ আব্দুর রহমানের কাছে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান।
খুলনা মহানগর হাকিম শেফিনা বেগমের কাছে রোববার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ কথা স্বীকার করেন।
ডিবি পুলিশ ১২ দিনের রিমান্ড শেষে ডা. মাসুদকে রোববার বিকেল তিনটায় মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম তার জবানবন্দি গ্রহণ করেন।
স্বীকারোক্তিতে ডা. মাসুদ জানান, ১৭ আগস্ট খুলনাসহ দেশব্যাপী বোমা হামলা সম্পর্কে তিনি কিছু জানেন না।
তবে জঙ্গি প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, ২০০১ সালের মার্চ-এপ্রিল মাসে তাকে রূপসা উপজেলার আইচগাতি গ্রামের আলমগীর হোসেন তার বাড়িতে দাওয়াত করেন। সেখানে শায়খ আব্দুর রহমান, তারেক সানি, আসাদুল্লাহ হাজারী এবং মামুনের সাথে তার পরিচয় হয়। আব্দুর রহমান তাকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দ্বীণ ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানান।
ওই দিনই রাত ১০টা থেকে প্রশিক্ষণ শুরু হয়। এসময় ব্ল্যাকবোর্ডে গ্রেনেড ও একে ৪৭ রাইফেলের ছবি এঁকে তাদেরকে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়।
এরপর ২০০১ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে আরও একবার শায়খ আব্দুর রহমান তাদের প্রশিক্ষণ দেন।
