রাজশাহীর জঙ্গি কমান্ডার শহীদুল্লাহ ও তুফানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর
রাজশাহীর তানোরের পাক চাঁদপুর গ্রামে জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা সরঞ্জামসহ গ্রেপ্তারকৃত জেএমবি কমান্ডার শহীদুল্লাহ ও তুফানকে দু’টি মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
রাজশাহীর ‘ক’ অঞ্চল প্রথম শ্রেণীর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট লাল হোসেন রোববার শুনানি শেষে বিস্ফোরক ও অস্ত্র মামলায় পৃথকভাবে দুই জঙ্গির তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শহীদুল্লাহ ও তুফানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। জেএমবি কমান্ডার শহীদুল্লাহর স্বীকারোক্তি মোতাবেক শনিবার রাতে রাজশাহী জেলা পুলিশের একাধিক দল গোদাগাড়ী ও তানোরের বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং দু’জনকে গ্রেপ্তার করে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এদিকে শনিবার ভোরে জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানোর অভিযোগে নগরীর বনগ্রাম থেকে গ্রেপ্তারকৃত আখতারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ রোববার মহানগর আদালতে হাজির করা হলেও রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়নি।
অন্যদিকে নাটোরে গ্রেপ্তারকৃত চার জঙ্গিকে রোববার বিকালে জিজ্ঞাসাবাদ করেছে রাজশাহীর পুলিশের একটি দল। রাজশাহীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বিপিএমের নেতৃত্বে পুলিশ দলটি রাজশাহীতে গ্রেপ্তারকৃতদের সাথে নাটোরের গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জবানবন্দি মিলিয়ে দেখেছে। পুলিশ সুপার জানান, রাজশাহী ও নাটোরে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা একই দলের এবং তাদের কর্মকাণ্ডও একই সাথে পরিচালিত হয়েছে বলে পুলিশ মনে করছে। তারা উভয় দলই ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত ছিল এটা প্রায় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানায়।
