ক্রীড়া প্রতিমন্ত্রী জাতিকে অপমান করেছেন, ক্ষমা চাইতে হবে: আওয়ামী লীগ
শ্রীলংকার কলম্বোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায় বাংলাদেশ ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্দেশ্যমূলক এ বক্তব্যের জন্যে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল রোববার এক বিবৃতিতে বলেন, যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কুখ্যাত স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাঙালি জাতির অনেক রক্ত ঝরেছে, সেই দুঃশাসক আইয়ুব খানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী সমগ্র বাঙালি জাতিকে অপমানিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের বীর বাঙালির সন্তানদের একজন স্বৈরাচারির উদ্ধৃতি দিয়ে উৎসাহিত করতে গিয়ে পটল সাহেব তার দেওলিয়াত্বই শুধু নয়, ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করার লালসায় একাত্তরের পরাজিত শক্তির পদলেহন করেছেন।
ক্ষোভ প্রকাশ করে টুটুল বলেন, কিছুদিন আগেও পাকিস্তানে গিয়ে জাতীয় ক্রিকেট দলের পক্ষে কর্নেল লতিফ উর্দুতে বক্তব্য দিয়েছেন। এতেই বোঝা যায়, একাত্তরের পরাজিত শক্তির সমন্বয়ে গঠিত বর্তমান সরকার কৌশলগতভাবে এর ধারাবাহিকতা বজায় রেখে স্বাধীনতা বিরোধীদের মদদ দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে টেষ্ট মর্যাদাপ্রাপ্ত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সামনে এ ধরনের বক্তব্য উদ্দেশ্যমূলক এবং এর জন্যে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
