আগামী নির্বাচনের প্রার্থী মনোনয়নে জাপার পার্লামেন্টারি বোর্ড ঘোষণা
আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে জাতীয় পার্টি (এরশাদ) শনিবার সাত সদস্যের পার্লামেন্টারি বোর্ড ঘোষণা করেছে।
এতে দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সভাপতি এবং দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।
১৪ জন সাংসদ নিয়ে জাপা’ই (এরশাদ) প্রথম ওই পার্লামেন্টারি বোর্ড গঠন করলো। বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন: দলের সংসদীয় দলের নেতা রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, মেজর জেনারেল (অব.) শামসুল হক, এমএম সাত্তার, কাজী ফিরোজ রশীদ।
জাপা’র (এরশাদ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বোর্ড দল থেকে মনোনয়ন প্রার্থী আগ্রহী নেতাদের সাথে মত বিনিময় শুরু করবে।
এরপ্রথম পর্যায়ে বোর্ড পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলার নেতাদের নিয়ে মত বিনিময় করবে। এই মতবিনিময় সভার তারিখ পরে জানানো হবে। দলীয় সূত্র জানায়, জোট সরকারের চতুর্থ বর্ষপূর্তির দিন ১০ অক্টোবর থেকেই মত বিনিময় শুরু হবে।
দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার জানান, তারা এবার আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। কারণ বিগত নির্বাচনের সময় দলের চেয়ারম্যান এইচএম এরশাদ জেলে ছিলেন।
