বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী বলার সাহস ডেপুটি স্পিকার কোত্থেকে পেলেন : সবার জন্য শিক্ষা অবৈতনিক ঘোষণা করে শেখ হাসিনা
আগামীতে সরকার গঠন করতে পারলে শুধু নারী নয়, সবার জন্য শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শিক্ষা দিবস উপলক্ষে শনিবার ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সম্প্রতি অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ‘শেখ মুজিব রাষ্ট্রদ্রোহী ছিলেন’ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিরোধী দলীয় নেতা বলেন, তিনি বাংলাদেশের নাকি পাকিস্তানের স্পিকার-এর জবাব তাকে দিতে হবে।
শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী ১১১ জন সন্ত্রাসী গডফাদার, দুর্নীতিবাজকে নিয়ে তার মন্ত্রী পরিষদ ও সভাসদ সাজিয়ে সংসদকে অকার্যকর করেছেন। ওরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। দেশের ভাবমূর্তি নষ্ট করছে তারা।
তিনি বলেন, চোরাচালানি সিণ্ডিকেটের বড় হোতা এই ডেপুটি স্পিকার বঙ্গবন্ধু সম্পর্কে এমন বাজে অশালীন উক্তি করার সাহস পেলেন কোত্থেকে? বঙ্গবন্ধুকে না মানতে চাইলে তারা পাকিস্তানে চলে যাক। এ ধরণের উক্তি যারা করবে, বাংলার মাটিতে তাদের ঠাঁই হবেনা।
ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত অলোচনা সভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, পঁচাত্তর সালের পর থেকে অবৈধ ক্ষমতা দখলকারীরা দেশ ও জাতির কল্যাণ ও উন্নয়নে কোন কাজ করে না। সব ধরণের অনিয়ম আর দুর্নীতি করে তারা মানুষকে বঞ্চিত করে।
শেখ হাসিনা বলেন, অবৈধ ক্ষমতা দখলদার বিএনপি জামাত জোট শিক্ষা ব্যবস্থাসহ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। তাই মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে দেশের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। জোট দু:শাসনের কবল থেকে দেশ জাতিকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, অধিকার হারা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী নিয়ে নয়, উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো।
আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন উপকমিটির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একে আজাদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. হারুন অর রশিদ। স্বাগত ভাষণ দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও আলোচনায় অংশ নেন কমিটির কো চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুল খালেক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুল বায়েস, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. নুরুল আলম, কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইফুল হক চৌধুরী, বুয়েট শিক্ষক সমিতির সাবেক অধ্যাপক ড. হাবিবুর রহমান, জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের প্রধান আহ্বায়ক ও সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও শিক্ষক কর্মচারি পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ এমএ আউয়াল সিদ্দিকী।
