২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদ-নিজামীরা বোমা মেরে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়: মহিলা আ. লীগের সমাবেশে নেতৃবৃন্দ

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, মুজাহিদ-নিজামীরা বোমা মেরে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ক্ষমতাসীন জোট সুশাসনকে নির্বাসন দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেশ জুড়ে অত্যাচার নির্যাতন ও দুঃশাসন চালাচ্ছে। দেশকে তারা অরাজক অবস্থায় নিয়ে গেছে। জাতীয় নিরাপত্তা আজ হুমকির মুখে। তাই ঐক্যবদ্ধ আন্দোলন করে জোট দুঃশাসন হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে তারা এ কথা বলেন।

দেশজুড়ে বোমা হামলা ও জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অধ্যাপিকা নাজমা রহমান, অ্যাডভোকেট সাহারা খাতুন, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ফরিদুন্নাহার লাইলী, মাহমুদা বেগম ক্রিক, সাইদা তারেক দিপ্তী, নাসিমা মন্টু ও শিরিন নইম পুনম।

সমাবেশ শেষে মহিলা নেতা কর্মীরা আলু, পটল, বেগুনসহ বিভিন্ন সব্জি দিয়ে তৈরী মালা, হারিকেন, স্টোভ, মাটির পাতিল ও থালাসহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।