জোট হটিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তির অংশীদারিত্ব নিশ্চিত করা হবে : জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি জামাত জোটকে ক্ষমতা থেকে হটিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তির অংশীদারিত্ব নিশ্চিত করা হবে।
শুক্রবার ঢাকায় গণতন্ত্রী পার্টির সপ্তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
জলিল বলেন, বিএনপি জামাত জোট সাম্প্রদায়িক উন্মাদনার মাধ্যমে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে তারা ইতিহাস বিকৃত করছে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ওই উগ্র সাম্প্রদায়িক শক্তি সংগঠিত। কিন্তু আমরা বিভ্রান্ত। তাই আজ ওদের রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দুঃশাসনের কবল থেকে দেশ জাতিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই আসুন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে ব্যর্থ খুনি দুর্নীতিবাজ জোটকে ক্ষমতা থেকে বিতাড়িত করি। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের সরকার গঠনের আন্দোলকে এগিয়ে নিই।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম খান।
‘ঐক্য সম্মেলন’ হিসেবে অভিহিত এ সম্মেলনে ১৯৯৮ সালে পঞ্চম কংগ্রেসে গণতন্ত্রী পার্টি থেকে বেরিয়ে যাওয়া ‘সমসমাজ গণতন্ত্রী পার্টি’ নেতৃবৃন্দ আবারও মূল দলে ফিরে আসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, ন্যাপের আমেনা আহমেদ, গণতন্ত্রী পার্টির প্রেসডিয়াম সদস্য নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হায়দার, সদ্য বিলুপ্ত সমসমাজ গণতন্ত্রী পার্টির সভাপতি আফজাল হোসেন এবং ১১ দলের সমন্বয়ক মফিজুল ইসলাম খান কামাল।
বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় পার্টির কাউন্সিল অধিবেশন।
