রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পারিতোষিক বৃদ্ধির বিল সংসদে সুপারিশ আকারে উত্থাপিত
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি, মন্ত্রী, উপমন্ত্রী এবং সাংসদদের পারিতোষিক বাড়ানো সংক্রান্ত পৃথক ছয়টি বিল সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশসহ বুধবার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ সুপারিশ আকারে বিলগুলো সংসদে উত্থাপন করেন।
বিলগুলো হচ্ছে: ‘দি প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’, ‘দি প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০০৫’, ‘দি সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’, দি স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’, দি মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’ এবং ‘দি মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট, ২০০৫’।
বিলগুলো যাচাই-বাছাইয়ের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত বিলগুলোতে রাষ্ট্রপতির পারিতোষিক ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৪ হাজার ৪০০ টাকা এবং প্রধানমন্ত্রীর পারিতোষিক ২২ হাজার থেকে ৩২ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। প্রধান বিচারপতির পারিতোষিক ২১ হাজার থেকে ৩০ হাজার ৫০০ টাকা, আপীল বিভাগের বিচারপতিদের পারিতোষিক ২০ হাজার থেকে ২৯ হাজার টাকা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পারিতোষিক ১৮ হাজার ৫০০ টাকা থেকে ২৭ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
স্পিকারের পারিতোষিক ২১ হাজার ৫০০ থেকে ৩১ হাজার ২০০ টাকা এবং ডেপুটি স্পিকারের পারিতোষিক ২০ হাজার থেকে ২৯ হাজার টাকায় পুনঃনির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পারিতোষিক যথাক্রমে ২০ হাজার, ১৮ হাজার ও ১৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৯ হাজার, ২৬ হাজার ১০০ এবং ২৪ হাজার ৬৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সাংসদদের পারিতোষিক ১০ হাজারের পরিবর্তে ১৫ হাজার টাকায় পুনঃনির্ধারণের সুপারিশ করা হয়েছে।
