২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়টি জাতিসংঘ শীর্ষ সম্মেলনে উত্থাপনে বুশের প্রতি ১৬ মার্কিন আইন প্রণেতার আহ্বান

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি শীর্ষ সম্মেলনে উত্থাপনে প্রেসিডেন্ট বুশকে প্রভাবিত করতে ১৬ জন মার্কিন সিনেটর এবং প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 03:47 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

রাইসের কাছে লেখা এক চিঠিতে নয় মার্কিন সিনেটর এবং সাত প্রতিনিধি বলেন, বাংলাদেশে যেভাবে রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, সে কারণে আমরা চিন্তিত। এ প্রবণতা চলতে থাকলে তা ওই অঞ্চলের আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্যে খারাপ পরিণতি ডেকে আনবে এবং ওই অঞ্চলে আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাবে।

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা এবং বিরোধী দলের এমপি এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডসহ অন্যান্য সহিংস ঘটনার কথা উল্লেখ করে মার্কিন আইনপ্রণেতাগণ বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির সমস্যার গভীরতা বর্ণনা করেন।

চিঠিতে বলা হয়, এমনকি ১৭ আগস্ট দেশব্যাপী সংঘটিত বোমা হামলার ঘটনা এটিই প্রমাণ করে, দেশটিতে সহিংসতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

সিনেটররা বলেছেন, জাতিসংঘ শীর্ষ সম্মেলনে বিপর্যয়কর সন্ত্রাসবাদ প্রতিরোধে উদ্যোগ সম্পর্কে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের ঘাঁটি থাকার বিষয়ও আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে।

সিনেটররা বলেছেন, কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্তের বিষয়টিও উত্থাপন করা হবে এবং আলোচনা করা হবে।

কিবরিয়া হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও কার্যকর তদন্ত পরিচালনা করতে স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছে, সিনেটররা এ জন্যে স্টেট ডিপার্টমেন্টের প্রশংসা করেছেন। তারা বলেছেন, নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে চাইলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন।

পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত সফল করতে বাংলাদেশে জাতিসংঘের কার্যনির্বাহী অফিস থেকে একটি তদন্ত দল পাঠানোর বিষয়টি জাতিসংঘে উত্থাপন করতে প্রতিনিধিরা প্রেসিডেন্ট বুশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিনিধিরা এ ক্ষেত্রে অফিস অব এক্সট্রা জুডিশিয়াল, সামারি অথবা আরবিট্রারি এক্সিকিউশনের নাম করেছেন। তদন্ত কার্যকরভাবে পরিচালিত হয়েছে কিনা এবং জড়িত সকলের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে কিনা, সে বিষয়টি এ দল খতিয়ে দেখবে।

মার্কিন আইন প্রণেতারা কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত এবং বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়গুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখতে তারা বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিয়োগ দানের প্রস্তাব দিয়েছেন। তারা কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলে বাংলাদেশে জাতিসংঘের স্বাধীন পর্যবেক্ষক দল পাঠানোরও আহ্বান জানান।

তারা বলেছেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিবরিয়া হত্যাকাণ্ডের বিষয়টির অনেক গুরুত্ব রয়েছে। আর এ কারণেই এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্টের কথা উল্লেখ করে সিনেটররা বলেছেন, দুর্নীতি ও সুবিচারের অভাবে বাংলাদেশ জর্জরিত। নিম্ন আদালত নির্বাহি বা প্রশাসনিক কর্তৃপক্ষের আওতাধীন এবং তাদের খুব কমই স্বাধীনতা রয়েছে।

তারা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে দুর্নীতির ক্ষেত্রে পৃথিবীতে প্রথম সারির বলে উল্লেখ করেছে। তারা বলেছেন, দুর্নীতি ভয়াবহ আকার ধারন করেছে এবং সমাজের প্রতিটি স্তরে সংক্রমিত হয়েছে।

দুর্নীতিগ্রস্ত ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ হাইতির সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছে।

বুশের প্রতি আহবান জানানো মার্কিন সিনেটররা হলেন এডওয়ার্ড এম কেনিডি, জন ই সোনুনু, প্যাট্রিক জে লিহি, লিঙ্কন ডি শ্যাফি, বারাক ওবামা, ওলিম্পিয়া জে স্নোয়ি, বারবারা বক্সার, জন এফ কেরি ও জ্যাক রিড। প্রতিনিধিরা হলেন, বার্নি ফ্রাঙ্ক, জন ডব্লিউ ওলভার, জন এফ টিয়ারনি, জেমস পি ম্যাকভার্ন, গ্যারি এল অ্যাকারম্যান, মার্টিন টি মিহান এবং এলসি এল হাস্টিংস।